হেরেও হতাশ নন নাদাল

বছরের শুরু শঙ্কা নিয়ে। চোট কাটিয়ে আবার কোর্টে ফিরে পুরোনো ছন্দে ফিরতে পারবেন কি না, তা নিয়ে নিজেই ছিলেন সংশয়ে। অথচ সব সংশয় দূর করে কী দুর্দান্ত একটা বছরই না কাটল নাদালের! সাত মাস পর গত ফেব্রুয়ারিতে কোর্টে ফিরে এ বছর অংশ নিয়েছেন ১৭টি টুর্নামেন্টে। ১৪টিতেই ফাইনালে উঠে দুটি গ্র্যান্ড স্লামসহ শিরোপা জিতেছেন ১০টি! ফিরে পেয়েছেন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। শেষটায় অবশ্য একটু আক্ষেপই থেকে গেল। পরশু এটিপি ওয়ার্ল্ড টুর ফাইনালসের ফাইনালে হেরে গেছেন নোভাক জোকোভিচের কাছে।
তাঁকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয়বারের মতো মৌসুম শেষের এই টুর্নামেন্টের শিরোপা জিতলেন জোকোভিচ। কিন্তু নাদাল বলছেন, লন্ডনের হার তাঁর পুরো বছরের অর্জনকে মুছে ফেলতে পারবে না, ‘এই বছর যা ঘটেছে, তা সত্যিই বিশেষ কিছু। আমার জন্য বছরটি ছিল আবেগের। কঠিন সময় পেরিয়ে আসার পর এটা ছিল অসাধারণ।’
জিতলে অসাধারণ বছরের শেষটাও উজ্জ্বল তো হতোই, একটা রেকর্ডও গড়ে ফেলতে পারতেন নাদাল। আন্দ্রে আগাসির পর তিনিই হতেন চারটি গ্র্যান্ড স্লাম, অলিম্পিক, ডেভিস কাপ ও এটিপি ওয়ার্ল্ড টুর ফাইনালসের শিরোপা জেতা ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড়। ক্যারিয়ারে বাকি সবই জিতলেও বছর শেষের এই টুর্নামেন্টের শিরোপা কখনোই জিততে পারেননি নাদাল। এটা ভেবেও কি এতটুকু হতাশ নন তিনি? ১৩টি গ্র্যান্ড স্লামজয়ীর দ্বিধাহীন উত্তর, ‘না। এটাই খেলা। আমি মনে করি না, আজকের জয় বা হার আমার ক্যারিয়ারটা বদলে যাবে। আমি হারটাকে খুব সহজভাবে নিই এবং এ জন্য আমি হতাশও হই না। তা ছাড়া আমি জানতাম, ম্যাচে আমি ফেবারিট নই।’
ভুল কিছু বলেননি। ইউএস ওপেনের ফাইনালে হারের পর এ নিয়ে টানা দ্বিতীয়বার জোকোভিচের কাছে হারলেন তিনি। তা ছাড়া নাদালের মতো না হলেও জোকোভিচেরও বছরটি খুব খারাপ কাটেনি। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে বছর শুরু করা সার্বিয়ান তারকা ৯টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। শিরোপা জিতেছেন ৭টি। পরশুর জয়টা ছিল আবার তাঁর টানা ২২তম জয়। এই সময়ে তিনি জিতেছেন চারটি শিরোপা—বেইজিং, সাংহাই, প্যারিসের পর পরশু লন্ডনে।
মৌসুম শেষ। এখন সময় পুরো বিশ্রামের। নাদাল হয়তো লন্ডন থেকে দেশে ফেরার পথেই পরিকল্পনা এঁটে নিয়েছেন লম্বা এই বিরতিতে কী কী করা যায়। জোকোভিচের সেই উপায় নেই। শেষ হয়েও যে তাঁর মৌসুম শেষ নয়। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ডেভিস কাপের ফাইনালে চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ জোকোভিচের সার্বিয়া। জোকোভিচকে তাই দেশে ফিরেই আবার উড়াল দিতে হবে বেলগ্রেডের উদ্দেশে। সর্বশেষ ২০১০ সালে ডেভিস কাপ জেতা সার্বিয়াকে আরেকবার শিরোপা জিতিয়ে পরিপূর্ণ তৃপ্তি নিয়েই ছুটিতে যেতে চান ৬টি গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ। এএফপি।