হেরেও হোন্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তো আর বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়ার সান্ত্বনা হতে পারে না। সান্ত্বনা পাচ্ছেন না কেইসুকে হোন্ডাও, প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হারার পর জাপান স্ট্রাইকার প্রচণ্ড হতাশ। সান্ত্বনা হয়তো নয়, তবে হোন্ডা এই বিশ্বকাপে জাপানের বড় একটা প্রাপ্তি অবশ্যই। গ্রুপ পর্বে সেরা হয়েছিলেন দুবার, পরশু প্যারাগুয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচেও হলেন সেরা। সব মিলিয়ে বিশ্বকাপে জাপানের চার ম্যাচের তিনটিতেই ম্যাচ-সেরা হয়েছেন হোন্ডা, তিনবার সেরা হয়েছেন আর কেবল ক্রিস্টিয়ানো রোনালদোই। কী আশ্চর্য, এই দুজনই এখন বিশ্বকাপের বাইরে!পরশু জাপান-প্যারাগুয়ের ম্যাড়ম্যাড়ে ম্যাচে মাঝেমধ্যে যা একটু প্রাণ এনেছেন হোন্ডাই। প্রতিপক্ষের কড়া মার্কিংয়ে থাকার পর আরও একবার প্রমাণ দিয়েছেন তাঁর প্রতিভার। গোলের কাছাকাছিও গিয়েছিলেন কয়েকবার। এরপর টাইব্রেকারে ইয়ুসি কোমানোর শট মিস হওয়ার পর চাপের মুখে দারুণ এক শটে গোল পেয়েছেন। জাপান বিদায় নিলেও বিশ্ব ফুটবলকে দিয়ে গেছে নতুন এক তারকা—কেইসুকে হোন্ডা।হোন্ডার পুরো উল্টো অবস্থায় জাভি হার্নান্দেজ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন তিনি, বিশ্বকাপে এসেছিলেন আকাশসমান প্রত্যাশা নিয়ে। ৪৪ বছর পর স্পেনের বড় কোনো শিরোপা-খরা ঘোচাতে বড় ভূমিকা ছিল এই মিডফিল্ডারের, ২০০৮ ইউরোতে জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। কিন্তু বিশ্বকাপে ঠিক প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছিলেন না জাভি। এমন নয় যে ফার্নান্দো তোরেসের মতো খুব নিষ্প্রভ ছিলেন, তবে জাভিকে ঠিক জাভির মতো মনে হচ্ছিল না। স্পেনের জন্য আশার কথা, প্রতি ম্যাচেই পারফরম্যান্সে উন্নতি হয়েছে এই মিডফিল্ডারের। পরশু পর্তুগালের বিপক্ষে তো ম্যাচ-সেরাই হলেন। হয়তো ম্যাচের একমাত্র গোলে তাঁর বড় ভূমিকার একটা অবদান আছে এতে। ইনিয়েস্তার পাস থেকে জাভির ব্যাকহিল ধরে দ্বিতীয় প্রচেষ্টায় পর্তুগিজ গোলকিপার এদুয়ার্দোকে পরাস্ত করেন ডেভিড ভিয়া। তবে ম্যাচ-সেরা হওয়ার পরও বলতে হবে, এখনো সেরাটা দেখা যায়নি জাভির। হয়তো একটা দিক থেকে স্পেনের জন্য এটা ইতিবাচক। বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই সামনে, পর্তুগালের বিপক্ষে সেরা হয়ে জাভি হয়তো ইঙ্গিত দিয়ে রাখলেন, সেরাটা জমিয়ে রেখেছেন এই আসল সময়ের জন্যই!