পাকিস্তান: ২০ ওভারে ১৪৯/৬অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১১৭/৭ফল: পাকিস্তান ৩২ রানে জয়ীসেন্ট লুসিয়াই ফিরে এল নাকি কলম্বোতে? ওই যে মাইক হাসি বল বাউন্ডারিতে পাঠিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে উল্লাস করছেন!এই দৃশ্যটাতে তো মিলে যাচ্ছেই। পার্থক্য হলো, সেন্ট লুসিয়ায় ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে হাসির ওই উল্লাস ছিল অসম্ভব এক ম্যাচ জেতানোর পর। আর কাল কলম্বোতে যখন ডাগআউটের দিকে তাকিয়ে ‘বিজয়োল্লাস’ করছেন, তখন অস্ট্রেলিয়ার ললাটে পরাজয় লেখা হয়ে গেছে। শেষ ৫ বলে দরকার ৩৬ রান।পরাজয় নিশ্চিত জেনেও শেষ ওভারের প্রথম বলেই চার মেরে হাসি মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন। আলিঙ্গনে বাঁধলেন উইকেটে সঙ্গী মিচেল স্টার্ককে। লাফিয়ে ওঠা অস্ট্রেলিয়ার ডাগআউটে তখন চলছে হাই ফাইভ। প্রেক্ষাপট জানা না থাকলে যে কেউই ধন্দে পড়ে যেতেন, হচ্ছেটা কী এখানে! এ কী অদ্ভুত ম্যাচ রে বাবা, যাতে জয়ী দলের চেয়ে পরাজিত দলের আনন্দ বেশি! ব্যতিক্রমী এসব দৃশ্য অভিনীত হওয়ার কারণ, কাল কলম্বোতে সুপার এইটের শেষ দুটি ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না। জয়-পরাজয়টাও গুরুত্বপূর্ণ ছিল, তবে তাতে মিশে ছিল আরও অনেক সমীকরণ। গাণিতিক হিসাব-নিকাশ। অস্ট্রেলিয়াই যেমন পাকিস্তানের কাছে ৩২ রানে হেরেও কার্যত ‘জিতে’ গেল।ইনিংসের শুরুতে লক্ষ্য ছিল ১৫০। ১৪তম ওভারে ৫ উইকেটে ৬৫ হয়ে যাওয়ার পরই অস্ট্রেলিয়ার পাখির চোখ হয়ে গেল ‘১১২’। ইনিংস শুরুর সময়ই যে অস্ট্রেলিয়ানরা নিশ্চিন্ত—হারলে হারব, ১১২ করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। এরপর ভারত-পাকিস্তান মারামারি করে মরুক, আমরা হোটেলে বসে আয়েশে কফিতে চুমুক দেব।ক্রিকেট খেলাটা বড় অদ্ভুত। টি-টোয়েন্টি বোধ হয় আরও বেশি। পাশার দান উল্টে যেতে এখানে একদমই সময় লাগে না। সুপার এইটের প্রথম দুই ম্যাচে যে অস্ট্রেলিয়াকে মনে হচ্ছিল অপ্রতিরোধ্য, তারাই কাল কেমন ভেঙে পড়ল। মনে হলো, এই দলটা তো স্পিন বোলিংয়ে কীভাবে ব্যাটিং করতে হয়, তা একদমই জানে না!আর পাকিস্তান! দুই দিন আগে ভারতের বিপক্ষে গোহারা হেরেছে। সেদিন টসে জিতে প্রথম ব্যাটিং করেছিলেন বলে এই ম্যাচ শুরুর আগেও মোহাম্মদ হাফিজের মুণ্ডুপাত করছিলেন পাকিস্তানি সাংবাদিকেরা। পরাজয়ের সবচেয়ে বড় কারণ নাকি ওটাই। অথচ কাল টসে হেরে সেই প্রথমেই ব্যাটিং করল পাকিস্তান। আকাশে উড়তে থাকা অস্ট্রেলিয়াকে মাটিতে আছড়েও ফেলল।অথচ তার পরও ম্যাচ শেষে মোহাম্মদ হাফিজের চেয়ে জর্জ বেইলির মুখের হাসিটাই বেশি চওড়া! পাকিস্তানকে নেট রানরেটে পেছনে ফেলেই যে নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল। আর মোহাম্মদ হাফিজ তখনো জানেন না, এমন দারুণ একটা জয় পাওয়ার দিনেই তাঁদের শেষ ম্যাচ খেলা হয়ে গেল কি না! যে প্রশ্নের উত্তর লুকিয়ে ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে।পাকিস্তানের ইনিংস কখনোই তেমন গতি পায়নি, তার পরও রানটা মোটামুটি ভালোই হয়েছে। শূন্য রানেই নাসির জামশেদের ক্যাচটা স্লিপে ম্যাক্সওয়েল ফেলে না দিলে কী হতো, সেটি অবশ্য বলা কঠিন। স্টার্ক প্রথম বলেই হাফিজকে ফিরিয়ে দিয়েছিলেন। দুই বল পরই জামশেদের ওই ‘নতুন জীবন’। শেষ পর্যন্ত ম্যাচের সর্বোচ্চ ইনিংসটিও (৫৫) তাঁর ব্যাট থেকেই।ম্যাচের দ্বিতীয়ার্ধের একটাই থিম সং—স্পিন, স্পিন, স্পিন...! অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের স্পিনে জর্জর করে তুলল পাকিস্তান। ইনিংসের প্রথম ১৭ ওভারই করলেন স্পিনাররা। ১৮তম ওভারে প্রথম পেসার। উমর গুল অবশ্য শেষ দুটি ওভার দুর্দান্ত বোলিং করলেন। মাইক হাসিকে আর সেন্ট লুসিয়ার পুনরাবৃত্তি করতে দিলেন না। সেন্ট লুসিয়ায় শেষ ৩ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৮। হাসির ২৪ বলে অপরাজিত ৬০ রানের অতিমানবীয় এক ইনিংসে এক বল বাকি থাকতেই ৫৪ রান উঠে গিয়েছিল।কাল ৩ ওভারে প্রয়োজন ৪৯ রান। কিন্তু হাসি সে চেষ্টাই করেননি। এখানে যে ‘অন্য জয়’ পাওয়াটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ।১৭ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার সাঈদ আজমল। তার পরও রাজা হাসানের ১৪ রানে ২ উইকেটই যে ম্যাচসেরার স্বীকৃতি পেল, এর কারণ বোধ হয় তরুণ বাঁহাতি স্পিনারের দুই শিকারের একটি শেন ওয়াটসন। আগের চার ম্যাচে একাই উড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। কাল প্রথম পঞ্চাশের নিচে আউট! ওয়াটসনের স্বপ্নযাত্রায় ছেদ পড়ল, নাকি সাময়িক বিরতি, এটি জানতে সেমিফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ (হাফিজ ৪, নাজির ১৪, জামশেদ ৫৫, কামরান ৩২, উমর ৯*, রাজ্জাক ২২, আফ্রিদি ৪, মালিক ৪*; ডোহার্টি ১/২৭, স্টার্ক ৩/২০, ওয়াটসন ১/২৩, কামিন্স ১/৪২, ম্যাক্সওয়েল ০/৬, হগ ০/২৯)। অস্ট্রেলিয়া: ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ (ওয়াটসন ৮, ওয়ার্নার ৮, হাসি ৫৪*, বেইলি ১৫, হোয়াইট ১২, ম্যাক্সওয়েল ৪, ওয়েড ১৩, কামিন্স ০, স্টার্ক ১*; হাফিজ ২/২২, রাজা ২/১৪, আজমল ৩/১৭, আফ্রিদি ০/৩৩, মালিক ০/১৯, গুল ০/১১)।ফল: পাকিস্তান ৩২ রানে জয়ীম্যান অব দ্য ম্যাচ: রাজা হাসান (পাকিস্তান)