হেরেছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে ৪১৮ রানের বেশি তাড়া করে জেতেনি কেউ। পোর্ট এলিজাবেথ টেস্ট জিততে তাই বিশ্ব রেকর্ডই করতে হতো অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকা যে দলটির সামনে লক্ষ্য দিয়েছিল ৪৪৮ রানের। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে অবশ্য মনে হচ্ছিল অসম্ভবকেই না সম্ভব করে ফেলে দলটি। উদ্বোধনী জুটিতে উঠে গেছে ১২৬ রান—ইনিংস ঘোষণাটা একটু তাড়াতাড়িই হয়ে গেল কি না, গ্রায়েম স্মিথ ভাবলেও ভাবতে পারেন। তবে এরপর যা হলো সেটা নিশ্চিতই ভাবেননি প্রোটিয়া অধিনায়ক। ১২৬ রানে প্রথম উইকেট হারানো অস্ট্রেলিয়া যে অলআউট ২১৬ রানেই। ২৩১ রানের বিশাল জয়, তিন ম্যাচের সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া হারল টানা ছয় জয়ের পর।
শুরুটা করেছিলেন অফ স্পিনার জেপি ডুমিনি, ৬৬ রান করা ওয়ার্নারকে এলবিডব্লু করে। নাথান লায়নকে এলবিডব্লু করে শেষ করেছেন বাঁহাতি স্পিনার ডিন এলগার। মাঝের ৭ উইকেট ভাগাভাগি করেছেন তিন ফাস্ট বোলার স্টেইন, ফিল্যান্ডার ও মরকেল। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করা রজার্স রান আউট হয়েছেন ১০৭ রানে। অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিলে করেছেন ১৭৩, অতিরিক্ত ২১। বাকি নয় ব্যাটসম্যানের সম্মিলিত অবদান মাত্র ২২ রান।
শেষ দিনে বাগড়া দিতে পারে বৃষ্টি—এই ভাবনায় লাঞ্চের আগেই স্বাগতিকেরা ইনিংস ঘোষণা করে ২৭০ রানে। ২১তম সেঞ্চুরি করে ১২৭ রানে অপরাজিত ছিলেন হাশিম আমলা। এএফপি, টেন ক্রিকেট।