হেরেছে কলকাতা, বল হাতে সফল সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাদেজা
জাদেজা

‘মরুপর্ব’ শেষে ভারতে ফিরেছে আইপিএল। মরুদেশে শুরুটা ভালো হলেও ভারতে শুরুটা ভালো হলো না কলকাতার। চেন্নাইয়ের কাছে হারতে হলো ৩৪ রানে। আজ সাকিব আল হাসান ব্যাট হাতে না পারলেও বল হাতে ছিলেন যথেষ্ট সফল।
শুরুতেই বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে খেলা নেমে এলো ১৭ ওভারে। চেন্নাইয়ের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানের মাথায় রান আউটে সাজ ঘরে ফিরলেন ফর্মের সঙ্গে যুঝতে থাকা গৌতম গম্ভীর। আজ কলকাতা অধিনায়কের সংগ্রহ মোটে ৬। এরপর নিয়মিত বিরতিতে ফিরলেন ক্যালিস (৪), মনিশ পান্ডে (১)। সাকিব আল হাসান ফিরলেন কোনো রান না করেই।
ধ্বংসস্তুপের মধ্যে একাই লড়া চালালেন রবিন উথাপ্পা। জাদেজার বলে ফেরার আগে করলেন ৩৮ বলে ৪৭। তবে কলকাতা-সমর্থকদের আফসোস জাগান সাত নম্বরে নামা ইউসুফ পাঠান। শেষ সময়ে তাঁর ২৯ বলে ৪১ রান পরাজয় ঠেকাতে পারেনি, আফসোসই বাড়িয়েছে কেবল। তার মত ঝড়টা যদি আরও আগে তুলতে পারতেন কলকাতা ব্যাটসম্যানেরা, তবে ম্যাচের চেহারা ভিন্ন হলেও হতে পারত। শেষমেশ ইনিংস থামল ১১৪ রানে, হারতে হলো ৩৪ রানে। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিলেন জাদেজা। ম্যাচ সেরাও তিনি।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেটে ১৪৮ তোলে চেন্নাই। সর্বোচ্চ ৫৬ আসে ব্র্যান্ডন ম্যাককালামের ব্যাট থেকে। ব্যাট হাতে না পারলেও বল হাতে বেশ সফল ছিলেন সাকিব। ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ২ উইকেট। আজকের জয়ে নিজের শহর রাঁচিতে ভারতের মাটিতে আইপিএলের যাত্রা ভালোই হলো মহেন্দ্র সিং ধোনির।