হেলমেট পরে আম্পায়ারিং

অস্ট্রেলিয়ার ইনিংসে ষষ্ঠ ওভারের ঘটনা। ইশান্ত শর্মার বলে ওপেনার অ্যারন ফিঞ্চের স্ট্রেট ড্রাইভ। বল অন্য প্রান্তের স্টাম্প পেরিয়ে সোজা গিয়ে লাগল আম্পায়ার রিচার্ড কেটেলবরোর পায়ের হাড়ে। প্রচণ্ড ব্যথাই পান ইংলিশ আম্পায়ার। কিন্তু সেটা সামলে উঠেই আবার হাসিমুখে দাঁড়ান আম্পায়ারিং করতে।
কিন্তু ব্যথাটা আসলে যায়নি, ১৭তম ওভারের পর পানি পানের বিরতির সময় মাঠই ছেড়ে যান কেটেলবরো। তাঁর জায়গায় ম্যাচের বাকিটুকুতে আম্পায়ারিং করেন টিভি আম্পায়ার পল উইলসন। এ রকম দুর্ঘটনার আশঙ্কায় কি না, অস্ট্রেলিয়ান আম্পায়ার জন ওয়ার্ড কিন্তু হেলমেট পরেই মাঠে নেমেছিলেন। এটাও এক ইতিহাস। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনো আম্পায়ার হেলমেট পরে দায়িত্ব পালন করলেন!
ওয়ার্ড অবশ্য হেলমেট পরেছেন নিজের একটা অভিজ্ঞতা থেকেই। গত ডিসেম্বরে ভারত ও অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের মধ্যে আম্পায়ার বিনিময় কর্মসূচির আওতায় রঞ্জি ট্রফির একটি ম্যাচ পরিচালনা করতে ভারত এসেছিলেন। সেখানে পাঞ্জাব-তামিলনাড়ু ম্যাচে মাথায় বলের আঘাত পেয়েও বেঁচে গেছেন একটুর জন্য। কাল ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে ওয়ার্ড বলেছেন, ‘সম্প্রতি আমি বেশ কয়েকবার অল্পের জন্য বেঁচে গেছি। দু-একবার তো বড়সড় দুর্ঘটনা হতে পারত। সেই ভয়াবহ অভিজ্ঞতা মাথায় থাকাটা তো স্বাভাবিক।’ টাইমস অব ইন্ডিয়া।