হেলায়ফেলায় ৩৬০
৩৫৯। সংখ্যাটা নিশ্চিতভাবেই ক্রিকেটপ্রেমীদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল ২০০৩ বিশ্বকাপ ফাইনালে। শ্রীনাথ-জহির খানদের তুলাধোনা করে অস্ট্রেলিয়াকে এই বিশাল স্কোর এনে দিয়েছিলেন পন্টিং-মার্টিনরা। গত বুধবার জয়পুরের মানসিং স্টেডিয়ামে এক দশক আগের সেই স্মৃতিই ফিরিয়ে আনল অস্ট্রেলিয়া। ফিঞ্চ-হিউজ-ওয়াটসনরা স্কোরবোর্ডটা সাজালেন সেই ৩৫৯ সংখ্যা দিয়ে। কিন্তু মিলটা শুধু স্কোরেই। ম্যাচের গল্প পুরোই আলাদা। ২৩৪ রানে গুটিয়ে সেদিন টেন্ডুলকার-দ্রাবিড় মাঠ ছেড়েছিলেন চোখের জল ফেলে।
আর গত বুধবার? এবারের জয়ী ভারত। রোহিত-কোহলিদের ব্যাটে ভারত ৩৬০ ছুঁয়ে ফেলল মাত্র এক উইকেট হারিয়ে, ৪৩.৩ ওভারে! ১ উইকেটে এটি ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর (৩৬২)। দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে কখনোই ৩০০-এর বেশি তাড়া করে জেতেনি ভারত। সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটিও এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই, ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে জিতেছিল ৪৩৪ রান টপকে।
রোহিত-ধাওয়ান উদ্বোধনী জুটিতে আসে ১৭৬ রান, ২৬.১ ওভারে। ধাওয়ান ৯৫। কোহলি-রোহিত দ্বিতীয় উইকেটে ১৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি, মাত্র ১৭.২ ওভারে! প্রায় তিন বছর পর নিজের তৃতীয় সেঞ্চুরি পেলেন রোহিত। করেছেন ক্যারিয়ার-সেরা ১৪১। ১০০ রানে অপরাজিত কোহলি সেঞ্চুরি করেছেন ৫২ বলে। ভারতের পক্ষে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। কোহলি ভেঙেছেন বীরেন্দর শেবাগের ৬০ বলে সেঞ্চুরির রেকর্ড। কোহলির সেঞ্চুরিটা ওয়ানডের সপ্তম দ্রুততম।
এই জয়ে সিরিজ এখন ১-১। তৃতীয় ম্যাচটি আজ মোহালিতে। তথ্যসূত্র ক্রিকইনফো।