হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় লিগ তদারকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ফুটবল লিগের দিকে এত দিন সেভাবে নজর দিতে পারেনি বাফুফে। ঢাকার বাইরে খেলা হচ্ছে কি হচ্ছে না, সেই খোঁজও নেওয়ার সময় ছিল না কারও। অবশেষে জেলা লিগের দিকে নজর পড়েছে বাফুফের। একে একে মাঠে নামছে জেলা ফুটবল লিগ।বাফুফের ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) কমিটির দায়িত্ব পেয়েছেন শেখ জামালের সভাপতি মনজুর কাদের। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তাঁর বন্ধুর হাতে ওই দায়িত্ব দেওয়ার পর জেলার ফুটবলে গতি আসছে। জেলার ফুটবলের জন্য তিন কোটি টাকার স্পনসরশিপ নিয়ে সম্প্রতি এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক। প্রতি ডিএফএকে এক লাখ টাকা করে অনুদান দেয় বাফুফে। এর পর থেকেই নতুন একটা উদ্যম শুরু হয়েছে জেলায় জেলায়। তারই ঢেউয়ে মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, বরিশালে লিগ শেষ হয়েছে কদিন আগে। জামালপুর, যশোর, মাগুরায় লিগ চলছে। কাল দিনাজপুর ও নাটোরে লিগ শুরু হয়েছে। গতকালই চাঁপাইনবাবগঞ্জ লিগের সমাপনী ম্যাচ দেখতে ঢাকা থেকে হেলিকপ্টারে গেছেন সালাউদ্দিন, মনজুর কাদের ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা। এর আগে বরিশাল ও সাতক্ষীরায় লিগের ফাইনাল দেখতে হেলিকপ্টারে যান মনজুর কাদের। শুধু যাওয়াই নয়, কিছু আর্থিক অনুদানও দিচ্ছেন স্থানীয় ডিএফএকে।মনজুর কাদের নতুন মিশনকে বেশ গুরুত্ব সহকারে নিয়েছেন, ‘ঢাকার বাইরে ফুটবলে জাগরণ আনতে প্রয়োজন এর প্রতি মনোযোগ। আমি সেই মনোযোগটা দিচ্ছি।’ একই সঙ্গে জেলার ফুটবল লিগের ব্যাপারেও তিনি আশাবাদী, ‘এখন মূলত ২০১২ সালের লিগটাই চলছে বা শেষ হচ্ছে। বিভিন্ন জেলা থেকে দাওয়াত পাচ্ছি যাওয়ার জন্য। সামনে আমরা আরও কয়েকটা জেলায় যাব। আস্তে আস্তে লিগ শুরু হয়ে যাচ্ছে সব জেলাতেই। এভাবে ঢাকার বাইরে ফুটবলে একটা জাগরণ আসবে আশা করি।’