হেসেই ‘খুন’ আনেলকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাহান্নামের আগুনে’ বসে ‘পুষ্পের হাসি’ কজন হাসতে পারে! অন্তত একজনের সন্ধান এ মুহূর্তে পাওয়া গেছে। তিনি চেলসির ফরাসি স্ট্রাইকার নিকোলাস আনেলকা। ফ্রান্সের ফুটবল ফেডারেশন তাঁকে ১৮ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে, এই খবর শোনার পর নাকি ‘হেসে খুন’ হয়ে যাচ্ছিলেন তিনি।কোচ রেমন্ড ডমেনেখকে অশ্লীল গালিগালাজ করার অপরাধে বিশ্বকাপ দল থেকে বহিষ্কার করা হয়েছিল আনেলকাকে। আর এর প্রতিবাদে তাঁর সতীর্থরা করেছিলেন বিদ্রোহ। বর্জন করেছিলেন অনুশীলন। কেন এসব ঘটল বা এর জন্য কে কতটা দায়ী, এটা খুঁজে বের করতেই এফএফএফ গঠন করেছিল তদন্ত কমিশন। তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতেই আনেলকাকে দেওয়া হয়েছে এই শাস্তি।তবে এই শাস্তি যেন গায়েই লাগছে না আনেলকার। তিনি এফএফএফের তদন্ত কমিশন নিয়ে কৌতুক করেছেন। ‘আমার কাছে পুরো কমিশন একটা গর্দভ। আমার কাছে তথাকথিত এই শাস্তির কোনো প্রাসঙ্গিকতা নেই। কারণ ফ্রান্স জাতীয় দল পর্ব সেই ১৯ জুনের কেনিসনার অনুশীলন মাঠ থেকে শেষ হয়ে গেছে আমার’—ফ্রান্স-সোইর পত্রিকাকে বলেছেন আনেলকা।বয়স হয়ে গেছে ৩১ বছর। ১৮টি ম্যাচ কম নয়। এই শাস্তিতে কার্যত আনেলকার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলেই ধরে নেওয়া যায়। এ নিয়ে অবশ্য আনেলকার কোনো মাথাব্যথা নেই। তিনি যে অনেক আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন, ফ্রান্স দলে আর খেলবেন না। এতেই হয়তো শাস্তির কথা শুনে হাসি পেয়েছে তাঁর, ‘পুরো ব্যাপারটা আসলে করা হয়েছে মানুষকে বিনোদন দিতে। পেছনের ঘটনা চাপা দিয়ে লরাঁ ব্লাঁকে শান্তিতে কাজ করতে দেওয়ার উদ্যোগ এটি। লোকগুলো সব সঙ। আমি তো হেসেই খুন হয়ে যাচ্ছি।’আনেলকা যেহেতু সবচেয়ে বড় অপরাধী, তাই শাস্তিটাও সবচেয়ে বেশি হয়েছে তাঁর। আনেলকার সঙ্গে শাস্তি পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ অধিনায়ক প্যাট্রিস এভরা, বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার ফ্রাঙ্ক রিবেরি আর জেরেমি তুলালানও। আনেলকাকেসহ এঁদের সবাইকে ডাকা হয়েছিল শুনানির জন্য।আনেলকা শুনানিতে হাজিরই হননি। বায়ার্ন মিউনিখ না ছাড়ায় যেতে পারেননি রিবেরিও। এভরাকে ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, রিবেরি পেয়েছেন ৩ ম্যাচের নিষেধাজ্ঞা। তুলালানের শাস্তিটা একটু কম—মাত্র এক ম্যাচ। তবে শুনানিতে নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরেছেন এরিক আবিদাল। শাস্তি পাওয়া এভরা-তুলালান, আর শাস্তি না পাওয়া আবিদাল; কেউই অবশ্য শুনানি নিয়ে কোনো কথা বলেননি। শুনানি শেষে যে যাঁর মতো বাড়ি ফিরে গেছেন। তবে কথা বলেছেন এফএফএফের সাবেক কর্মকর্তা জাঁ-লুইস ভ্যালেন্টিন। ‘কলঙ্কিত’ অধ্যায়টা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি মনে করেন শাস্তি পাওয়া সব খেলোয়াড়কে একটা সুযোগ দেওয়া উচিত ছিল, ‘ফ্রান্স দলের একজন সমর্থক হিসেবে আমি মনে করি, প্রত্যেক খেলোয়াড়েরই দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার আছে।’ এএফপি, ওয়েবসাইট।