হেসেখেলে জিতল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনার দল আগের ম্যাচগুলোতে কী খেলল, আর আজ কী খেলল! লড়াই করার তাগিদই দেখা গেল না! তাহলে কি ম্যাচটা ছেড়ে দিয়েছেন আপনারা?’ম্যাচের পর ফেনী সকারের কোচ মীর মোহাম্মদ ফারুককে এক সাংবাদিকের প্রশ্ন। মীর ফারুক স্মিত হাসলেন। কেউ একজন বললেন, ‘এই হাসির অর্থ বোঝেন না!’ তবে ফারুকের প্রতিবাদ, ‘না না, ম্যাচ ছাড়বো কেন?’ততক্ষণে ম্যাচজয়ী দল আবাহনী চলে গেছে ড্রেসিংরুমে। যাওয়ার আগে আবাহনী কোচ অমলেশ সেনকে বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হলো, মোহামেডান গ্যালারি থেকে বলছে আপনারা পাতানো খেলেছেন। ম্যাচ দেখে এটা তাদের মনে হয়েছে। সত্যিই কি...? আবাহনী কোচ প্রশ্নটা উড়িয়েই দিলেন, ‘কতজনে কত কথা বলে...। এসব ফালতু কথা।’২০ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যাওয়া ম্যাচ শেষ পর্যন্ত ২-০ রেখেই জিতল আবাহনী। গোল বাড়ানোর তেমন তাগিদ ছিল না শিরোপাপ্রত্যাশীদের খেলায়। এ জন্য অবশ্য আবাহনী কোচ কাঠগড়ায় তুললেন তাঁর দলের খেলোয়াড়দের, ‘খেলোয়াড়দের চেষ্টায় আসলেই কিছুটা ঘাটতি ছিল।’একটু দূরে ফেনীর এক কর্মকর্তাকে তখন দিতে হচ্ছে নানা প্রশ্নের উত্তর। রসিকতা করে তাঁকে এক সাংবাদিকের জিজ্ঞাসা, ‘কত টাকা পেলেন এই ম্যাচ ছেড়ে দিয়ে?’ তাঁর প্রতিক্রিয়া, ‘দূর, এসব কী বলেন। পাতানো খেলতে যাব কেন? প্রশ্নই ওঠে না। সকাল বেলা ঢাকায় এসেছি। দলে নানা সমস্যা। আমরা সাধ্যমতো আমাদের খেলাটা খেলেছি।’ফেনী সকার তাদের সাধ্যমতো লড়ছে—এর প্রমাণ কিন্তু খেলায় ছিল না। নিয়মিত একাদশের চারজন খেলোয়াড় (ডিফেন্ডার শিপন, মিন্টু শেখ, স্ট্রাইকার আনোয়ার ও মিডফিল্ডার ইমরুল) ছাড়া তারা এদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে নেমেছে। এর মধ্যে একজন জাতীয় দলের ডিফেন্ডার মিন্টু শেখ। পরে অবশ্য একজনকে নামানো হয়েছে বদলি হিসেবে। সেরা একাদশের চারজনকে বাইরে রাখার কারণ হিসেবে কর্মকর্তারা বলেছেন, ওই খেলোয়াড়দের কারও কার্ড সমস্যা। কেউ বিয়ে করে ছুটি নিয়েছেন। কারও ইনজুরি। এখানে অন্য কিছুর গন্ধ খোঁজা যাবে না।কোচ মীর ফারুক জানান, ‘আমি নতুন দুজন খেলোয়াড়কে সুযোগ দিয়েছি আজ। এই পর্যায়ের ফুটবলে তারা এই প্রথম খেলল।’আবাহনী-মোহামেডান-শেখ রাসেলের পর চতুর্থ স্থানে থেকে প্রথম পর্ব শেষ করেছে ফেনী সকার। প্রথম পর্বে নিজেদের মাঠে তারা আবাহনীর সঙ্গে ড্র করতে করতে হেরেছে শেষ মুহূর্তে শেরিফের পেনাল্টি গোলে। ঢাকায় ফিরতি পর্বে সকারের খেলোয়াড়দের হেলেদুলে বল ধরার দৃশ্য যেন বলে দিচ্ছিল, পয়েন্ট কাড়তে এদিন মরিয়া হয়ে মাঠে নামেনি দলটি।আবাহনীকে তাই ঘাম ঝরাতে হয়নি। ৬ মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার প্রাণতোষের দারুণ শটে পেয়ে যায় প্রথম গোল। ২০ মিনিটে মেহেদি হাসানের (উজ্জ্বল) পাসে অরক্ষিত ইব্রাহিমের আলতো টোকায় ২-০ করে ফেলে আবাহনী।এই জয়ে হ্যাটট্রিক শিরোপার যাত্রায় আরেক পা এগোলো আকাশি-নীলেরা। এক ম্যাচ বেশি খেলে মোহামেডানের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে তারা। ১৪ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪০। ফেনী সকারের পয়েন্ট ১৭-ই থাকল। তারাও খেলেছে ১৪ ম্যাচ। আবাহনী: বিপ্লব, সুজন, সামাদ, রজনী, সিরাজী, জাহেদ, প্রাণতোষ, মেহেদি হাসান (হাবিবুর), এনামুল, ইব্রাহিম (আবুল), শেরিফ।ফেনী সকার: পিরু, জাহাঙ্গীর, এমাদুল, মোস্তফা কাবা, আসিফ, আশরাফুল কাদের (পিন্টু), আকরামুজ্জামান, সুফিয়ান, শাহীনূর, আশরাফুল, সোহেল (ইমরুল)।