হেসেখেলে জিতল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৬৫ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেটাকে নিশ্চয়ই অঘটন হিসেবেই বিবেচনা করেছিলেন সবাই। কিন্তু আজ মূল আসরের প্রথম ম্যাচেও হতাশাজনক ব্যাটিং পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে অসিরা। ইংল্যান্ডের বিপক্ষে ২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের ধারেকাছেও যেতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ইনিংস শেষ করেছে ২২১ রানে। ৫৫ রানের ইনিংস খেলে অধিনায়ক জর্জ বেইলিই যা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। ফলস্বরুপ ৪৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চারবারের বিশ্বকাপজয়ীদের। আর সহজ এই জয় দিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক ইংল্যান্ড।তিন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড আর টিম ব্রেসনানের ভালো বোলিংয়ের মুখে বড় কোন জুটি পুরো ইনিংসেই গড়তে পারেনি অস্ট্রেলিয়া। অসি ব্যাটসম্যানরা যখনই কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন, তখনই আঘাত হেনেছেন ইংলিশ বোলাররা। খুবই ধীরগতিতে শুরু করার পর প্রথম ১৫ ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৯) ও শেন ওয়াটসন (২৪)। সেসময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪৭ রান। তৃতীয় উইকেটে ফিলিপ হিউজ ও জর্জ বেইলির গড়া ৪৭ রানের জুটিটাই দলের পক্ষে সর্বোচ্চ। খুব বেশি বিপদজনক হয়ে ওঠার আগেই এই জুটি ভাঙ্গেন জো রুট। ৩০ রান করে ফিরে যান হিউজ। কয়েক ওভার পরেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ১২৬ থেকে মুহূর্তের মধ্যেই স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় ৬ উইকেটে ১৩৬ রান। তবে এর মধ্যেও অপর প্রান্তে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে ছিলেন অধিনায়ক বেইলি। ৪০তম ওভারে তাঁকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করে ফেলেন অফস্পিনার জেমস ট্রেডওয়েল। হার নিশ্চিত হয়ে যাওয়ার পরেও অবশ্য শেষপর্যন্ত লড়াই চালিয়ে গেছেন জেমস ফকনার। তবে তাঁর ৫৪ রানের ইনিংসটা অস্ট্রেলিয়ার হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।১০ ওভার বল করে মাত্র ৩০ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন জেমস অ্যান্ডারসন। ওয়ানডেতে তিনিই এখন ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। এর আগে ২৩৫টি উইকেট নিয়ে এই জায়গাটি ছিল ড্যারেন গফের দখলে। আর এখন অ্যান্ডারসনের সংগ্রহ দাঁড়িয়েছে ২৩৭ উইকেট।