হেসেখেলে জিতল ভারত

ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটাও হেসেখেলেই জিতল ভারত। জিতে নিল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা। জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে পৌঁছাতে ভারতকে ব্যাটিং করতে হয়েছে ৩৫.৩ ওভার। উইকেট হারিয়েছে মাত্র তিনটি। ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে আজও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি।
এর আগে অবশ্য জয়ের কাজটা অনেকখানি এগিয়ে রেখেছিলেন ভারতীয় বোলাররা। জিম্বাবুয়েকে ১৮৩ রানেই গুটিয়ে দেওয়ার পর ভারতের জয়টা মনে হচ্ছিল শুধুই সময়ের ব্যাপার। হলোও তা-ই। কোহলির ৬৮, শিখর ধাওয়ানের ৩৫, আম্বাতি রাইডুর ৩৩ ও সুরেশ রায়নার ২৮ রানের ইনিংসগুলোর সুবাদে ৭ উইকেটের বড় জয় পেল ভারত।
টসে জিতে কোহলির ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা যে যথার্থ ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। ব্যাট করতে নেমে পুরো ইনিংসও খেলতে পারেনি জিম্বাবুইয়ানরা। ভারতীয় বোলারদের দাপটে ৪৬ ওভারেই গুটিয়ে গেছে স্বাগতিক দল। সর্বোচ্চ ৪৫ রানের ইনিংসটি এসেছে শিন উইলিয়ামসের ব্যাট থেকে। মাসাকাদজা ও টেলরের সংগ্রহ যথাক্রমে ৩৮ ও ২৩ রান। শেষের দিকে টেন্ডাই ছাতারা ২৩ রানের ধৈর্যশীল ইনিংসটা না খেললে আরও আগেই গুটিয়ে যেতে পারত জিম্বাবুয়ে।
ভারতের সফলতম বোলার অমিত মিশ্র। ৪৭ রান খরচায় চারটি উইকেট শিকার করেন এই লেগস্পিনার। ২৫ রানে দুটি উইকেট নেন মোহাম্মদ শামি। সূত্র: ক্রিকইনফো
আজকের ভারত-জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে