হেসেখেলেই জিতল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২৪ রানের অধিনায়কোচিত ইনিংসটি খেলার পথে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
১২৪ রানের অধিনায়কোচিত ইনিংসটি খেলার পথে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের লড়াইটা যেন হলো দুই অধিনায়কেরই। দুজনই খেলেছেন শতরানের ইনিংস। দুজনই শতরানের কোটা পূর্ণ করেছেন ছয় মেরে। তবে শেষ হাসিটা হেসেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। ১০৬ বলে ১২৪ রানের দারুণ ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ৬ উইকেটের সহজ জয়। ইংল্যান্ডের এই জয়ের পেছনে রবি বোপারার ভূমিকাও অবশ্য কম না। সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যানও। মরগান আর বোপারার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্লান হয়ে গেছে আয়ারল্যান্ড অধিনায়ক পোর্টারফিল্ডের ১১২ রানের অনবদ্য ইনিংসটা।
জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা অবশ্য হয়েছিল খুবই বাজেভাবে। প্রথম ১৫ ওভারের মধ্যে মাত্র ৪৮ রান জমা করতেই সাজঘরে ফিরেছিলেন অভিষিক্ত মিচেল কারবেরি (১০), লুক রাইট (৫), গ্যারি ব্যালান্স (০) ও জেমস টেলর (২৫)। বল হাতে দারুণ শুরুর পর হয়তো জয়ের আশাই ভর করেছিল আইরিশ শিবিরে। কিন্তু ম্যাচের বাকিটা সময় শুধু হতাশই হতে হয়েছে আয়ারল্যান্ডের বোলারদের। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি মরগান ও বোপারা। পঞ্চম উইকেটে ২২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই দুই ইংলিশ ব্যাটসম্যান। মরগান ১২৪ ও বোপারা ১০১ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রায় একাই লড়াই চালিয়েছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক পোর্টারফিল্ড। ৪৬তম ওভারে সাজঘরে ফেরার আগে ১১২ রানের লড়াকু ইনিংস খেলেছেন বামহাতি এই ওপেনার। আয়ারল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রানের ইনিংসটি এসেছে জন মোনির ব্যাট থেকে।