হেসেখেলেই শুরু আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানসহ চার দল খেলছে না ক্লাব কাপ হকিতে। পর্যাপ্ত অনুশীলন হয়নি, এমন কারণ দেখিয়ে সাধারণ বীমাও নাম প্রত্যাহার করেছে এই জানুয়ারিতে এসে গত মৌসুমের প্রথম টুর্নামেন্ট থেকে। টুর্নামেন্টের আকর্ষণ বলতে আবাহনী আর উষাই। ছয় দলের ক্লাব কাপের প্রথম দিনেই আবাহনী শুরু করল দারুণভাবে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আকাশি-নীলেরা ঢাকা ওয়ান্ডারার্সকে ভাসাল গোলবন্যায় (৮-০)।

হরতালের মধ্যে ফরিদপুর থেকে অনেক কষ্টে ঢাকায় এসেছেন মুসা মিয়া। আবাহনীর হয়ে যখন মাঠে নামলেন, ততক্ষণে প্রথমার্ধ শেষ। আবাহনী এগিয়ে ৪-০ গোলে। দ্বিতীয়ার্ধে আরও বেশি গোল হতে পারত, কিন্তু গোলমুখে গিয়েও গোল না করে বল পেছনে ঠেলে দিয়েছেন পুস্কর খীসা মিমো। যে কারণে গোল সংখ্যা দুই অঙ্ক ছুঁতে পারেনি। যদিও আবাহনীর অন্য খেলোয়াড়দের মধ্যে গোল করার ক্ষুধা যথেষ্টই দেখা গেল। কিন্তু ওয়ান্ডারার্সের কর্মকর্তারাই নাকি বেশি গোল না দিতে অনুরোধ করেন আবাহনীকে! অগত্যা নিজেদের মধ্যেই কখনো কখনো বল নিয়ে স্টিকওয়ার্ক করলেন আবাহনীর খেলোয়াড়েরা।

খোরশেদুর ও হাসান যুবায়ের করেছেন ২টি করে গোল। দীন ইসলাম, নাঈম উদ্দিন ও আশরাফুলের গোল ১টি করে। অন্য গোলটি আত্মঘাতী।

মাত্র ৮ দিনের অনুশীলনে খেলতে এসেছে ঢাকা ওয়ান্ডারার্স। ফিটনেসের ঘাটতি নিয়ে খেলতে নেমেছিল দলটি। টার্ফে হাঁসফাঁসিয়ে দৌড়াচ্ছিলেন অনেকে। তুলনায় অনেক গোছানো এবং শারীরিকভাবে ফিট ছিলেন আবাহনীর খেলোয়াড়েরা। সর্বশেষ বিজয় দিবস হকির চ্যাম্পিয়ন আবহনী, এবার ক্লাব কাপ বড় জয়ে শুরু করে খুশি কোচ মাহবুব হারুন, ‘আমরা বিদেশি ছাড়াই ক্লাব কাপ খেলতে চাই। ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আশা করি ক্লাব কাপে আমরা চ্যাম্পিয়ন হব।’

বিজয় দিবসের মতো ক্লাব কাপও বর্জন করেছে মোহামেডান। সামনে লিগও তারা খেলবে না। সেই অবস্থান জানিয়ে মোহামেডানের এক শীর্ষ কর্মকর্তা বললেন, লিগে খেলার প্রশ্নই ওঠে না মোহামেডানের। শুধু তা-ই নয়, খাজা রহমতউল্লাহ ফেডারেশনের সাধারণ সম্পাদক থাকলে তারা এই কমিটির অধীনে আর হকিই খেলতে রাজি নয়।