হোলির পাশে স্যামি চান জয়োৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট তাঁর কাছে উৎসবের অন্য নাম, জীবন তাঁর কাছে সহজ। ঠোঁটের কোণে এক চিলতে হাসি যেন লেগেই থাকে! ক্যারিবীয় ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপনের নামই ড্যারেন স্যামি। এবি ডি ভিলিয়ার্স কদিন আগেই ছেলেখেলা করেছেন তাঁদের নিয়ে, আগামীকাল মুখোমুখি হতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের। স্যামি মোটেই উদ্বিগ্ন নন!
আইপিএল খেলেন বলে ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে ধারণা আছে ভালোই। শুক্রবার ভারতে ‘হোলি’ উৎসবের দিন, স্যামি জানেন সেদিন ভারতের জয়ে উদ্যাপন ভিন্ন মাত্রা পাবে। তবে ভারতীয়দের বাড়তি উদ্যাপনের সুযোগ দিতে তিনি রাজি নন, ‘ভারত হোলি উদ্যাপন করুক। আশা করি, আমরা জয় উদ্যাপন করব।’
ভারতের সঙ্গে সর্বশেষ সিরিজের স্মৃতিটা সুখের নয়, সিরিজের মাঝপথেই যে ফিরে আসতে হয়েছিল দেশে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই মুখের হাসিটা যেন মিলিয়ে গেল স্যামির, ‘এটি আমরা পেছনে ফেলে এসেছি। আগেও অনেকবার বলেছি, আবার বলি, ভারতে যা ঘটেছিল সেটা কাম্য নয়। তবে আমার মনে হয় না সেই ঘটনা এ ম্যাচের ওপর কোনো প্রভাব ফেলবে। এটি বিশ্বকাপ। খেলার জন্য সবাই উন্মুখ। এটি বিশ্বকাপের আরেকটি ম্যাচ, আশা করি কোয়ার্টার ফাইনালে যেতে আমাদের প্রয়োজনীয় পয়েন্ট পাব।’
খেলাটা পেস বোলিং-স্বর্গ পার্থে। তবে ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে কাজটা সহজ হবে না বলেই মানেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক, ‘ওয়াকায় বোলিং করার কথা ভেবে সবাই রোমাঞ্চিত। কিন্তু ভারত ভালো খেলছে। বল করতে এসেই উইকেট তুলে নিলেন, ব্যাপারটা এমন নয়। আপনাকে সঠিক লাইন-লেংেথ বল করতে হবে।’
তরুণ অধিনায়ক জেসন হোল্ডারের প্রতি পূর্ণ সমর্থনও জানিয়েছেন স্যামি, ‘সে তার চরিত্রের দৃঢ়তা দেখিয়েছে। এমন চরিত্রের মানুষ কঠিন সময়ের ভেতর দিয়ে গেলে আরও দৃঢ় মনোবল নিয়ে ফিরে আসতে পারে।’ উইজডেন ইন্ডিয়া।