হেয়ারের সন্দেহের তালিকায় রাজ্জাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিদের একজন তিনি। ১৯৯৫ সালে লংকান স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে সমালোচিত হয়েছিলেন তিনি। ২০০৬ সালে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার একটি টেস্টে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে আম্পায়ারিং থেকেই বিদায় নিয়েছিলেন ড্যারিল হেয়ার। আম্পায়ারিং জীবনে আপাদ-মস্তক বিতর্কিত হেয়ার অবসর জীবনেও বিতর্ক সৃষ্টি করার অভ্যাসটা যে ছাড়তে পারেননি তার প্রমাণ মিলেছে সম্প্রতি প্রকাশিত এক বইয়ে। ‘দ্য বেস্ট ইন্টারেস্টস অব দ্য গেম’ নামের একটি ডাউস বই লিখে তিনি পৃথিবীর অনেক বোলারকেই চাকিংয়ের সন্দেহের মধ্যে ফেলেছেন। এঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাক। সেই সঙ্গে রয়েছেন হরভজন সিং, শোয়েব আকতার, মোহাম্মদ হাফিজ থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার ইয়োহান বোথাও।বইয়ে তিনি রাজ্জাক সম্পর্কে বলেছেন, ‘বাংলাদেশের এই বোলারের বোলিং অ্যাকশন ভীষণ সন্দেহজনক। সেটা আমি কয়েকবারই নোট করেছি।’ তবে তিনি এও বলেছেন, টেকনিক্যাল কারণেই রাজ্জাকের রিপোর্টেড হওয়ার সম্ভাবনা ক্ষীণ।হেয়ার তাঁর বইয়ে রাজ্জাকের মতোই হরভজন সিং ও ইয়োহান বোথার প্রসঙ্গ তুলে বলেছেন, তাঁদেরও রিপোর্টেড হওয়ার সম্ভাবনা ক্ষীণ।সন্দেহভাজন অ্যাকশনের বোলারদের নিজের আম্পায়ারিং জীবনেও কয়েকবার প্রশ্ন তুলেছিলেন জানিয়েছেন হেয়ার। তবে এ ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা না নিতে পারার কারণে আইসিসিকে দুষেছেন এই অস্ট্রেলীয় আম্পায়ার। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘ক্রিকেটের পরিচলন পদ্ধতিটিই ত্রুটিপূর্ণ।’মুরালিধরন সম্পর্কে তিনি বলেছেন, ‘বল করার সময় অবৈধভাবে কনুই সোজা করার জন্য ২০০৪ সালে ম্যাচ রেফারি ক্রিস ব্রড মুরালিধরনের বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন।’২০০৬ সালে ওভাল টেস্টে পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ করেছিলেন হেয়ার। সেই প্রসঙ্গে কিছু সাফাইও তিনি তাঁর বইয়ে গেয়েছেন। হেয়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দল নিয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন পাকিস্তানের সে সময়ের অধিনায়ক ইনজামাম-উল হক। পরে পাকিস্তান আর সেই টেস্টটি খেলতে রাজি না হওয়ায় ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। হেয়ার এরপর আর কোনো টেস্ট ম্যাচ পরিচালনারও সুযোগ পাননি। সরে যেতে হয়েছিল সন্তর্পণেই।