হোঁচট খেল ফ্রান্স-হল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারতে হারতে এস্তোনিয়ার সঙ্গে ড্র। পরশু তাল্লিনে হল্যান্ড দলের প্রতীকী ছবি হয়ে গেলেন স্নেইডার । এএফপি
হারতে হারতে এস্তোনিয়ার সঙ্গে ড্র। পরশু তাল্লিনে হল্যান্ড দলের প্রতীকী ছবি হয়ে গেলেন স্নেইডার । এএফপি

দেশের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম হ্যাটট্রিক। মিরোস্লাভ ক্লোসার জার্ড মুলারের পাশে এসে দাঁড়ানো। জার্মানির হয়ে ফিলিম লামের শততম ম্যাচ। গুঞ্জন উড়িয়ে স্পেনের একাদশে ইকার ক্যাসিয়াস, সঙ্গে দেড় শ ম্যাচের মাইলফলক ছোঁয়া। দেশের হয়ে টানা ১৫ ম্যাচ গোলবিহীন করিম বেনজেমা! সব মিলিয়ে ইউরোপীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের রাতটা যেন তারকাদের আনন্দ-বেদনার কাব্য।আর এই পাওয়া না-পাওয়ার রাতে তাই আলাদা মোড় নিয়েছে তাঁদের দলের ভাগ্যও। নিজেদের ম্যাচে জিতে ব্রাজিলে এক পা দিয়ে রাখল জার্মানি, স্পেন ও ইতালি। শেষ মুহূর্তের পেনাল্টিতে এস্তোনিয়ার সঙ্গে কোনোমতে ড্র (২-২) করলেও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া নিয়ে মোটেই শঙ্কায় নেই হল্যান্ড। তবে জর্জিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে সরাসরি ব্রাজিল যাওয়ার আশাটা প্রায় শেষ করে ফেলেছে ফ্রান্স। বিশ্বকাপে যেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এখন হয়তো পেরোতে হবে প্লে-অফ বাধা।ক্লোসার অর্জন আর লামের মাইলফলক ছোঁয়ার ম্যাচে জার্মানি ৩-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। এই ম্যাচের আগ পর্যন্ত ‘সি’ গ্রুপের শীর্ষ দুটি স্থানে ছিল এ দুটি দল।
সেই হিসেবে এটাই ছিল গ্রুপের সবচেয়ে বড় ম্যাচ, আর তাতে অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে জার্মানি প্রমাণ করেছে বাকিদের চেয়ে কত এগিয়ে তারা। ম্যাচ শেষে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলও যেন সেই হুংকারই ছাড়লেন, ‘আমরা দেখিয়েছি মাঠে কারা “বস”। ফলাফলে আমরা খুবই আনন্দিত, ম্যাচে দারুণ কিছু গোল করেছি, রক্ষণভাগও ছিল আঁটসাঁট।’ এ জয়ে ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা সুইডেনের চেয়ে এখন ৫ পয়েন্ট এগিয়ে জোয়াকিম লোর দল। মঙ্গলবার দুর্বল ফারো আইল্যান্ডের বিপক্ষে ‘প্রাপ্য’ জয়টা পেলেই ব্রাজিলের টিকিটটা প্রায় পেয়েই যাবে জার্মানি।ব্রাজিলে যাওয়া প্রায় নিশ্চিত স্পেনেরও। পরশু রাতে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থানটা ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সম্প্রতি রিয়াল মাদ্রিদে জায়গা হারিয়েছেন, ফলে এ ম্যাচে স্পেনের গোলরক্ষক ক্যাসিয়াস খেলবেন কি না, এটা নিয়ে ছিল অনেক গুঞ্জন। তবে সেসব উড়িয়ে দিয়ে দেশের হয়ে নিজের ১৫০তম ম্যাচটি খেলেছেন ক্যাসিয়াস। দেল বস্কের দলের জয়ে কাজটা কঠিন হয়ে গেছে একই গ্রুপে থাকা ফ্রান্সের জন্য। দুর্বল জর্জিয়ার সঙ্গেও পরশু রাতে গোলশূন্য ড্র করেছে ১৯৯৮ চ্যাম্পিয়নরা। দেশের হয়ে টানা ১৫ ম্যাচ গোলশূন্য থাকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা যেন ফর্মহীনতার ধারাবাহিকতা দেখাচ্ছেন। স্পেনের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে ফ্রান্স, দুই দলেরই বাকি দুটি করে ম্যাচ। দুটিতে জিতলেও তাই সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত নয় ফ্রান্সের, যদি না স্পেন হারে। স্ট্রাইকার বেনজেমার কণ্ঠে তাই ম্যাচ শেষে হতাশা, ‘স্পেনকে ধরতে আমাদের দরকার ছিল ৩ পয়েন্ট। কিন্তু ব্যাপারটা জটিল হয়ে গেল। আমরা জিততে পারলাম না, গোল করতে পারলাম না, ভালো কিছুই করতে পারলাম না। কঠিন সময় যাচ্ছে আমাদের।’ ফ্রান্সের দুর্ভাগ্যের রাতে বুলগেরিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ প্রায় নিশ্চিত করে নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে ‘এফ’ গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে পর্তুগালও। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। একই গ্রুপে থাকা রাশিয়া এক ম্যাচে কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে। স্কটল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে যাওয়া প্রায় নিশ্চিত করে নিয়েছে বেলজিয়ামও। তবে মলদোভাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েও ইংল্যান্ডের ভাগ্য এখনো দুলছে সুতোয়। এএফপি।

এক নজরে
ইতালি ১ : ০ বুলগেরিয়া

জার্মানি ৩ : ০ অস্ট্রিয়া

হল্যান্ড ২ : ২ এস্তোনিয়া

পর্তুগাল ৪ : ২ উ. আয়ারল্যান্ড

ইংল্যান্ড ৪ : ০  মলদোভা

ফ্রান্স ০ :  ০   জর্জিয়া

স্পেন ২ : ০ ফিনল্যান্ড

বেলজিয়াম ২ :  ০ স্কটল্যান্ড

পোল্যান্ড ১ :  ১ মন্টেনেগ্রো

সুইডেন ২ : ১ আয়ারল্যান্ড