হোটেলবন্দী বাংলাদেশ ব্যতিক্রম নাজিম
আরেকটি ইনিংস পরাজয়। এরই জেরে প্রাণস্পন্দন যেন থেমে গেছে বাংলাদেশ দলের। সোমবার বিকেল থেকে হোটেলবন্দী বাংলাদেশ দল। কাল হোটেলে জিম ও সুইমিং সেরেছেন মুশফিকরা। তবে ব্যতিক্রম একজন—নাজিমউদ্দিন। চট্টগ্রামে টেস্ট অভিষেক হচ্ছে—এই খবরের পর থেকে নাজিমের বাসায় শুরু হওয়া আনন্দের রেশটা কালও ছিল। পাড়া-প্রতিবেশীর মুখেও নাজিমবন্দনা চলছেই। অভিষেক টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ফিরে আসা নাজিম সোমবার খেলা শেষে হোটেল হয়ে মায়ের কাছে যান। কালও হোটেলে জিম ও সুইমিং সেরে নাজিম নগরের আলকরণের বাসায় যান। ছেলের অভিষেক টেস্ট মাঠে বসে দেখার সুযোগ হয়নি মায়ের; তবে সারাক্ষণ টিভির পর্দায় চোখ ছিল। ৭৮ রানে আউট হয়ে যাওয়ায় মায়ের আফসোস যে হয়নি, তা নয়। কিন্তু বরাবরই ছেলেকে উৎসাহ জুগিয়ে যাওয়া মা নূরনাহার বেগমের কথা, ‘ভালো খেলেছে ও। পরিশ্রম করলে সুফল পাবেই। আরও ভালো করবে, এই দোয়া করি।’তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪১ রানে অপরাজিত ছিলেন নাজিম। সেদিন দোয়া নেওয়ার জন্য ছুটে গিয়েছিলেন বাসায়। কিছুক্ষণ থেকে ফিরে এসেছিলেন হোটেলে। পরদিন শতকের দেখা না পেলেও ড্রেসিং রুম-সর্তীদের প্রশংসা পেয়েছেন ঠিকই।‘আশা ছিল সেঞ্চুরি পাব। কিন্তু পারলাম না। তবে সবাই খুব বাহবা দিল। ঢাকা টেস্টে দেখি কী হয়। দোয়া করবেন।’ বললেন নাজিম। শুধু মায়ের টান নয়, আরেকটি আকর্ষণে বাসায় ছোটেন নাজিম। তাঁর ছেলে ইফাজউদ্দিন। বয়স ১৭ মাস। এখনই ছোট ব্যাট নিয়ে টেনিস বলে টুকটাক করে। বাবাকে কাছে পেলে দুজনে মেতে ওঠে ব্যাট-বল নিয়ে। কাল বিকেলেও এর ব্যতিক্রম হয়নি। ‘ও ডাইনিং টেবিলের চামচ কিংবা স্কেলজাতীয় কিছু পেলেই ক্রিকেট ব্যাটের মতো করে ধরে। আর টেলিভিশনে আমাকে দেখলে সবাইকে দেখিয়ে দেয়।’ ছেলের সঙ্গে খেলতে খেলতেই বলছিলেন নাজিম। নাজিম যখন নিজের বাসায় ছেলেকে নিয়ে ব্যস্ত, তখন তাঁর সতীর্থরা হোটেল পেনিনসুলায়। অন্যদিকে বিকেলে পাকিস্তান দলের কয়েকজন অনুশীলন করেছেন জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে। মিসবাহ-উল-হক, সাঈদ আজমল, ইউনিস খানসহ ছয়-সাতজন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করলেন। আজ সকালে দুই দলই ঢাকায় ফিরে যাবে।