হোবার্টে ইউসুফদের অন্য লড়াই
এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ ভোরে হোবার্টে শুরু হয়ে যাওয়া তৃতীয় টেস্টটি অস্ট্রেলিয়ার জন্য হয়তো আনুষ্ঠানিকতার। কিন্তু পাকিস্তানের জন্য নয়! এই টেস্টে অনেক কিছু প্রমাণের যে বাকি অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ও তাঁর সতীর্থদের!সিরিজের শুরু থেকেই ফর্মের জন্য লড়ছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। উমর আকমল (৪৪.০০ গড়ে ১৭৬) ছাড়া বাকিরা নামের প্রতি সুবিচার করতে পারেননি। অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও সিডনিতে পাকিস্তান যে হারল, কারণ একটাই—ব্যাটিং ব্যর্থতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে টানা ১২তম পরাজয় এবং টানা চতুর্থবারের মতো ‘হোয়াইটওয়াশ’ এড়াতে হোবার্টে ফর্মে ফেরা চাই ইউসুফদের। পাকিস্তান অধিনায়ক অবশ্য বেলেরিভ ওভালে বড় ইনিংস খেলার ব্যাপারে আশাবাদী, ‘কোনো সন্দেহ নেই যে দলের অন্য যে কারও চেয়ে আমার ফর্ম তুলনামূলক ভালো। যখন আমি অস্ট্রেলিয়ায় আসি, তখনকার চেয়ে ফর্ম ভালো আমার। বল মিডলিং করতে পারছি। হতে পারে একটু তাড়াহুড়া করতে গিয়ে বড় স্কোর আর করা হচ্ছে না। (বড় স্কোর না পাওয়ার পেছনে) এর বাইরে কোনো কারণ দেখছি না আমি।’কারণটা যাই হোক, ব্যাটিং ব্যর্থতা হোবার্ট টেস্টের পাকিস্তান দলে কয়েকটি পরিবর্তন নিয়ে এসেছে। দুই মিডল অর্ডার ব্যাটসম্যান ফয়সাল ইকবাল ও মিসবাহ-উল হকের জায়গায় একাদশে এসেছেন শোয়েব মালিক ও খুররম মনজুর। ব্যাট হাতে বাজে ফর্ম এবং সিডনিতে চার চারটি ক্যাচ মিস করার মাশুল হিসেবে কামরান আকমলকে জায়গা ছেড়ে দিতে হয়েছে সরফরাজ আহমেদের কাছে। গ্রোয়েন ইনজুরি কাটিয়ে মোহাম্মদ আমির দলে ফেরায় কপাল পুড়েছে মোহাম্মদ সামির। দলে ফিরেই আমির টার্গেট করেছেন অস্ট্রেলীয় অধিনায়ককে, ‘অবশ্যই পন্টিং গ্রেট প্লেয়ার। তবে সম্প্রতি পুল শটে তার দুর্বলতা দেখা গেছে। আমি পত্রিকায় পড়েছি যে পন্টিং বলেছেন তিনি পুল শট নিয়ে কাজ করছেন। কিন্তু আমরাও এর জন্য সঠিক জায়গায় বল ফেলার পরিকল্পনা করেছি।’পাকিস্তানি ব্যাটসম্যানদের মতো পন্টিংও রানে ফেরার লড়াই করছেন। গত চার ইনিংসে তাঁর রান মাত্র ৮০। তবে তাঁকে রানে ফেরার স্বপ্ন দেখাচ্ছে বেলেরিভ ওভালে তাঁর অতীত পারফরম্যান্স। এখানে ৫ ম্যাচে ৫২.৪০ গড়ে তাঁর রান ২৬২। আর অস্ট্রেলিয়ার জন্য তো আরও পয়মন্ত ভেন্যু বেলেরিভ ওভাল। এখানে ৮ টেস্টের একটিতেও হারেনি অস্ট্রেলিয়া। ৬টিতে জিতেছে। দুটি ড্র।তাহলে কি মেলবোর্ন, সিডনির মতো এখানেও হারছে পাকিস্তান? ইউসুফরাই দিতে পারেন উত্তরটা। ওয়েবসাইট।