হোবার্টে বল টেম্পারিংয়ের প্রমাণ মেলেনি
হোবার্ট টেস্টে বল টেম্পারিংয়ের কোনো প্রমাণ পায়নি আইসিসি। বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দল গত রোববার অভিযোগ করেছিল, তাদের প্রথম ইনিংসের ৮৮তম ওভারে প্রসন্ন জয়াবর্ধনেকে বল করার সময় টেম্পারিং করেন সিডল। ভিডিও ফুটেজে নাকি স্পষ্ট দেখা গেছে, হাতের নখ দিয়ে বলে আঁচড় কাটছেন সিডল। ব্যাপারটা ম্যাচ রেফারি ক্রিস ব্রডের নজরে আনলেও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি শ্রীলঙ্কা।শ্রীলঙ্কার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে আজ এক বিবৃতিতে ক্রিস ব্রড বলেন, ‘ম্যাচ চলার সময় আম্পায়াররা প্রতিনিয়ত বল পর্যবেক্ষণ করেছেন। বল টেম্পারিংয়ের প্রশ্ন ওঠার পর আরও নিবিড়ভাবে ভিডিও ফুটেজ দেখেছেন তাঁরা। তবে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।এর আগে লঙ্কান দলের ম্যানেজার চারিথ সেনানায়েক জানিয়েছিলেন, হোবার্ট টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ‘রিয়েল টাইম ভিডিও’ থেকে ব্যাপারটা বুঝতে পারেন সাজঘরে থাকা লঙ্কান ক্রিকেটাররা। পরে ভিডিও ফুটেজটা সংগ্রহ করা হয়।সেনানায়েক বলেন, ‘ফুটেজ আমাদের কাছে রয়েছে। ম্যাচটা আমরা রেকর্ড করেছি যেন সবাই দেখতে পারে। আমরা অবৈধ কিছু দেখতে পেয়েছি এবং এর প্রতিক্রিয়া জানিয়েছি।’শ্রীলঙ্কা ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি জানিয়ে সেনানায়েক বলেছিলেন, ‘ব্যাপারটা নিয়ে আমি ম্যাচ রেফারির সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলেছি। এখন তাঁদের উচিত ব্যবস্থা নেওয়া। কিন্তু তাঁরা ব্যবস্থা না নিলে আনুষ্ঠানিক অভিযোগ করতে হবে আমাদের।’ সূত্র: রয়টার্স।