আউট হলেন ক্লান্ত এক শটে। ক্লান্ত শরীরটা টেনে নিয়ে যাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে। পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে, ডাগ আউটে দাঁড়িয়ে সতীর্থরা। ড্রেসিংরুম থেকে অভিনন্দন জানাচ্ছেন দলের বাকি সবাই। যেন ঠিক এক দিন আগের দৃশ্যের পুনরাভিনয়। সেদিন অনন্যসাধারণ এক কীর্তিকে সম্মান জানাতে, কাল অসাধারণ এক ইনিংসকে। যেন প্রতীকী দুটি দৃশ্য। শচীন টেন্ডুলকার যদি হন ভারতীয় ক্রিকেটের গৌরবময় অতীত ও বিস্ময়কর বর্তমান, বিরাট কোহলি যেন বিস্ময়কর বর্তমান ও উজ্জ্বল ভবিষ্যৎ!এই তো, কদিন আগেই বিশ্ব ক্রিকেটে খবরের শিরোনাম হয়েছিলেন কোহলি, হোবার্টে ৮৬ বলে ১৩৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে। শ্রীলঙ্কার ৩২০ রান ভারত তাড়া করেছিল ৩৬.৪ ওভারেই। কাল ৩৩০ রান তাড়ায়ও খেললেন আরেকটি অসাধারণ ইনিংস, ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে যেটি যৌথভাবে সর্বোচ্চ। আগে যে রেকর্ড ছিল এককভাবে মহেন্দ্র সিং ধোনির। হোবার্টের ইনিংসটাকে বলেছিলেন ক্যারিয়ার-সেরা ইনিংস। কাল যেন ক্যারিয়ার-সেরা ইনিংস বাছতে একটু বিপদেই পড়ে গেলেন, ‘আমি দুটিকে পাশাপাশিই রাখব। তবে এই ইনিংসটা হয়তো একটু বিশেষ কিছু, প্রতিপক্ষ আর প্রেক্ষাপটের কারণে। আমাদের জিততেই হতো, আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সব সময়ই চাপের।’এই চাপের কারণেই কিনা, পাকিস্তানের বিপক্ষে আগের ৩ ম্যাচে রান ছিল ১৬, ১৮ ও ৯। কাল জয় করলেন পাকিস্তান-চাপও। অবশ্য চাপ বলে কিছু তাঁর অভিধানে আছে বলে মনে হয় না, ১১ ওয়ানডে সেঞ্চুরির ৭টিই এল দ্বিতীয় ইনিংসে। ৬টিতেই আবার দলকে এনে দিয়েছেন জয়! মাত্র ৯ ম্যাচে ৪ সেঞ্চুরি হয়ে গেল মিরপুরে!ব্যাট হাতে প্রতিনিয়ত যেমন বিস্ময় উপহার দিচ্ছেন, তেমনি অবাক করছেন মাঠের বাইরের কোহলিও। একসময়কার লাগামহীন কোহলি এখন ভীষণ রকম নিয়ন্ত্রিত ও বিনয়ী। টেন্ডুলকারের সঙ্গে তুলনার প্রসঙ্গ উঠতেই লজ্জিত কণ্ঠে, ‘ছেলেবেলায় শচীনকে সামনাসামনি দেখার জন্য মুখিয়ে থাকতাম। এখন একসঙ্গে খেলতে পারছি, এটাই তো বড় সম্মানের!’কিন্তু তার পরও তুলনাটা আসছেই। প্রথম ৭৮ ওয়ানডেতে কোনো সেঞ্চুরিই ছিল না টেন্ডুলকারের, ৮৫ ম্যাচে ১১ সেঞ্চুরি হয়ে গেল কোহলির। টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার কোনো সুপ্ত ইচ্ছে নেই? কিছুক্ষণের জন্য যেন ভাষা হারিয়ে ফেললেন কোহলি। এরপর মুচকি হেসে উত্তর, ‘এটাকে বলতে পারেন “মিশন ইমপসিবল”। সেঞ্চুরি করতে পারছি, আমি এতেই খুশি। অন্য কিছু না ভেবে আরও করে যেতে চাই।’