হোবার্টের লাগাম অসিদের হাতেই
হোবার্ট টেস্টের নিয়ন্ত্রণ অনেকটাই স্বাগতিক অস্ট্রেলিয়ার হাতে। আজ রোববার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার চেয়ে ১৪১ রানে এগিয়ে অসিরা।৫ উইকেটে ৪৫০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৩৬ রানে। লঙ্কানদের চেয়ে ১১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়ার দিন শেষে সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান। এড কোয়ান ১৬ ও ডেভিড ওয়ার্নার ৮ রানে অপরাজিত আছেন।৪ উইকেটে ৮৭ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দিন ৫০ রানে অপরাজিত তিলকরত্নে দিলশান সেঞ্চুরি তুলে নেন। পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে তাঁর ১৬১ রানের জুটিতে খেলায় ফেরে শ্রীলঙ্কা। ম্যাথুস আউট হন ব্যক্তিগত ৭৫ রানে। দিলশান করেন ১৪৭ রান। এ ছাড়া প্রসন্ন জয়াবর্ধনে ৪০ ও নুয়ান কুলাসেকারা ২৩ রান করেন।লঙ্কান ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন পিটার সিডল। ৫৪ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নেন এই মিডিয়াম ফাস্ট বোলার। অফস্পিনার নাথান লায়ন শিকার করেন দুটি উইকেট।