হোম অব ক্রিকেটের পাশে...
এক টুকরো খালি জায়গা পড়ে ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি মাঠের পাশে। কাল দেখা গেল সেখানে চলছে মাটি খোঁড়ার কাজ। ওই জায়গায় স্টাফ কোয়ার্টার নির্মাণের কাজ শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)!এনএসসির এই উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ঢাকার বিভিন্ন লিগে অংশ নেওয়া ক্লাবগুলো। প্রিমিয়ার লিগ থেকে শুরু করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৫৫টি ক্লাব প্রতিনিধির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোম অব ক্রিকেটের কমপ্লেক্সের ভেতর বহুতলবিশিষ্ট স্টাফ কোয়ার্টার নির্মাণ ক্রিকেট অনুরাগী, সংগঠক এবং খেলোয়াড়দের কাছে কোনোভাবেই কাম্য নয়। এই সিদ্ধান্ত ‘সম্পূর্ণ অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত, যা নিন্দনীয়ও বটে।’২০১১ বিশ্বকাপে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আইসিসির কাছে অন্যতম সেরা ভেন্যুর স্বীকৃতি পেয়েছে। এই সুনাম এবং ভেন্যুর নিরাপত্তা রক্ষার দাবি জানিয়েছে ক্লাবগুলো। একাডেমি মাঠের পাশে এনএসসির স্টাফ কোয়ার্টার নির্মাণ বন্ধে তাই সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।ক্লাবগুলো প্রতিবাদ করলেও এ বিষয়ে কাল পর্যন্ত নিশ্চুপই থেকেছে বিসিবি। গ্রাউন্ডস কমিটির প্রধান শফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু বলেছেন, ‘এনএসসি কাজ শুরু করেছে সেটা আমি শুনেছি। মাঠের পাশে বহুতল ভবন নির্মাণ কোনোভাবেই উচিত নয়।’এ ব্যাপারে জানতে এনএসসির পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক পরিচালক আবদুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।