হোল্ডিংয়ের উচিত কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস এমসিসির কাউড্রে বক্তৃতায় নিজ দেশের বোর্ডকে ধুয়ে দিলেন কুমার সাঙ্গাকারা। সেখানেই সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট মাইকেল হোল্ডিং তীব্র সমালোচনা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের।টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত জিতেছে ওয়ানডে বিশ্বকাপেও। তবে ক্রিকেট বাণিজ্যের উর্বরভূমি বলে মাঠের বাইরে ভারতের আধিপত্য আরও বেশি। এই আধিপত্য ভারত দৃষ্টিকটুভাবে নিজেদের সুবিধায় ব্যবহার করছে এবং আইসিসিকে নিয়ন্ত্রণ করছে, বিসিসিআইয়ের বিরুদ্ধে এমন অভিযোগে সম্প্রতি সোচ্চার অনেকেই। মাইকেল হোল্ডিং কদিন আগেও একবার বিসিসিআইয়ের কড়া সমালোচনা করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের ফাস্ট বোলার আবার ক্ষোভে ফেটে পড়লেন পরশু, ‘ভারতের প্রতি আমার কোনো দরদ নেই। তারা একটু বেশিই ক্ষমতার দম্ভ দেখাচ্ছে। আমি বিশ্বাস করি না, কোনো দলেরই বাকি ক্রিকেট-বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা উচিত।’ ৬০ টেস্ট ও ১০২ ওয়ানডে খেলা ফাস্ট বোলার উদাহরণ হিসেবে টেনে এনেছেন ফুটবলের ব্রাজিলকে, ‘ক্যারিবিয়ানে আমরা অনেকেই অনেক বছর ধরেই ব্রাজিলিয়ান ফুটবলের ভক্ত। ব্রাজিল অনেক বিশ্বকাপে আধিপত্য দেখিয়েছে। কিন্তু ওরা কখনোই ফিফায় গিয়ে বলতে পারেনি, আমরা এটা চাই। খেলাটার গতিপথকে ওরা কখনোই নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি। যে সংগঠন খেলাটা পরিচালনা করবে, নিয়ন্ত্রণও শুধু তাদেরই করা উচিত। কিন্তু নির্দিষ্ট বোর্ড কিছু কিছু ব্যাপার নিয়ন্ত্রণ করছে, আমি যেটার সঙ্গে মোটেও একমত নই।’ এএফপি।