হোয়াইটওয়াশ আর আফ্রিদির শাস্তি
ম্যাচে তখন নখ কামড়ানো উত্তেজনা। কিন্তু শহীদ আফ্রিদিকে দেখা গেল বল কামড়াতে! দুই হাতের মুঠোয় পুরে ঠিক যেন আপেল খাওয়ার মতো করেই দাঁত বসাচ্ছিলেন সাদা বলটাতে। আম্পায়ারদের নজর এড়ায়নি, পাল্টানোও হয়েছে বল। আসলে টিভি ক্যামেরায় এই বল টেম্পারিংয়ের ঘটনা এত পরিষ্কার করে ধরা পড়েছে যে, নজর এড়ায়নি কারও। কালকেই তাই ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে জানিয়ে দিয়েছেন শাস্তি—দুটি টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।মাঠের খেলায় অবশ্য কোনো গড়বড় হয়নি। পাকিস্তান অস্ট্রেলিয়ায় পা রাখার পর থেকে যা হয়ে আসছে, কালও হলো তাই—পাকিস্তানের হার। টেস্টের মতো হোয়াইটওয়াশ তারা ওয়ানডেতেও। ব্যতিক্রম বলতে কাল ২১২ রানের পুঁজি নিয়েও শেষ পর্যন্ত লড়াই করেছে পাকিস্তান। নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়ার উইকেট তুলে নিয়েছে তারা। সিরিজের প্রথম ফিফটি (৫৫) করে অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন অধিনায়ক রিকি পন্টিং। আর যে কাজের জন্য তিনি বিখ্যাত, সেই ফিনিশিং দেওয়ার কাজটা দারুণভাবে করে দলকে জয় পাইয়ে দিয়েছেন মাইক হাসি (৪৬ বলে অপরাজিত ৪০)।মোহাম্মদ ইউসুফের পরিবর্তে নেতৃত্ব দেওয়া (বলা হয়েছে হাঁটুর ইনজুরি, কিন্তু অসমর্থিত সূত্রের খবর কোচের সঙ্গে গোলমাল) আফ্রিদি টস জিতে নিয়েছিলেন ব্যাটিং। ১৬ রানে তিন উইকেট হারানো পাকিস্তান দুই শ পার করে উমর আকমল (৬৭) ও ফাওয়াদ আলমের (৬৩) ৮২ রানের জুটিতে। চার উইকেট নিয়ে ম্যাচসেরা ক্লিন্ট ম্যাকে, কালকের তিনটির সঙ্গে আগের দুই ম্যাচের ১০ উইকেট, তিন ম্যাচ খেলেই সিরিজ-সেরা রায়ান হ্যারিস।সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান : ৪৯.৩ ওভারে ২১২ (উমর ৬৭, ফাওয়াদ ৬৩, মালিক ৩৬, ম্যাকে ৪/৩৫, হ্যারিস ৩/৪৪, জনসন ২/৪২)। অস্ট্রেলিয়া: ৪৯.২ ওভারে ২১৩/৮ (পন্টিং ৫৫, হাসি ৪০*, মার্শ ২৫, আফ্রিদি ২/৩১, মালিক ২/৪৮, নাভেদ ২/৫৫, ইফতিখার ১/৩৯, আসিফ ১/৪০)।