হোয়াইটওয়াশ এড়াতে চায় প্রোটিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতা হয়ে গেছে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকাটাও নিশ্চিত। সুতরাং শেষ ম্যাচে জীবন-পণ ঝাঁপানোর তো দরকার নেই মহেন্দ্র সিং ধোনিদের। আজ আহমেদাবাদে তৃতীয় ম্যাচে তাই বদলে যাচ্ছে ভারতীয় দল। দলটা একেবারেই খর্বশক্তির। সিরিজের শুরু থেকেই ইনজুরির কারণে দলে ছিলেন না গৌতম গম্ভীর, যুবরাজ সিং, জহির খান এবং বোনের বিয়ের কারণে হরভজন সিং। যথারীতি তৃতীয় ম্যাচেও দলের বাইরে তাঁরা। এদের সঙ্গে যোগ হয়েছেন আগের ম্যাচে গোয়ালিয়রে অপরাজিত দুশ রানের ইনিংস খেলে ইতিহাস গড়া শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। অর্থাত্ হাফ ডজনেরও বেশি নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে ভারত।ইনজুরির কারণে নয়, আসন্ন আইপিএলের কথা মাথায় রেখে এবং সিরিজ আগেই নিশ্চিত হওয়ায় বিশ্রাম দেওয়া হয়েছে টেন্ডুলকারকে। বিশ্রাম দেওয়া হয়েছে শেবাগকেও। এই দুই ওপেনারের জায়গায় আজ ভারতীয় ইনিংসের সূচনা করবেন দিনেশ কার্তিক এবং ওয়ানডে দলে নতুন মুখ মুরালি বিজয়। টেন্ডুলকার-শেবাগের অনুপস্থিতিতে বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের মতো তরুণ খেলোয়াড়দের কাঁধে চাপছে গুরুদায়িত্ব।আগের দুই ম্যাচেও পুরো শক্তির দল পায়নি ভারত। তার পরও স্কোরবোর্ডে ভালো রানই জমিয়েছে তারা। বরং তৃতীয় ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকাকেই রান-বুভুক্ষু মনে হচ্ছে বেশি। আগের দুই ম্যাচে ব্যাটিংটা তাদের ভালো হয়নি। জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, হাশিম আমলাদের আশা, আজ শেষ ম্যাচে বড় রান দেখবেন, জয় দিয়ে শেষ করবেন সিরিজ। এএফপি।