হোয়াইটওয়াশ এড়াল দক্ষিণ আফ্রিকা

সিরিজ হার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। আজ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটের সহজ জয় দিয়ে হোয়াইটওয়াশের লজ্জাটাই শুধু এড়াতে পারল স্বাগতিকেরা। জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। শেষ ওয়ানডেতে হারের মুখ দেখলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান।
লক্ষ্যটা সহজ হলেও শুরুতে কিছুটা চাপের মুখেই পড়েছিল প্রোটিয়ারা। প্রথম ২০ ওভারের মধ্যে ৮৪ রানেই হারিয়েছিল চারটি উইকেট। তবে এরপর শক্ত হাতেই দলের হাল ধরেছেন ডি ভিলিয়ার্স। ৬৩ বলে ৪৮ রানের ধীরস্থির ইনিংসটি খেলে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। ওপেনার হাশিম আমলা ৪৮ বলে ৪১ রানের ইনিংস খেলে দুর্ভাগ্যবশত হয়েছিলেন রানআউটের শিকার। শেষ পর্যায়ে ডেভিড মিলারের ২৪ ও রায়ান ম্যাকলারেনের ১৭ রানের ছোট ইনিংস দুটিও ভালো অবদান রেখেছে দক্ষিণ আফ্রিকার জয়ে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। অধিনায়ক মিসবাহ উল হক একাই লড়াই চালিয়েছেন। তাঁর ৭৯ রানের হার না মানা ইনিংসটির সুবাদেই স্কোরবোর্ডে ১৭৯ রান জমা করতে পেরেছে পাকিস্তান। ২৫ রান এসেছে উমর আমিন ও শোয়েব মাকসুদের ব্যাট থেকে।