হোয়াইটওয়াশের অপেক্ষায় সিডনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হয়ে কী হতাশা নিয়েই না মাঠ ছাড়লেন কেভিন পিটারসেন! কাল সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ষ রয়টার্স
আউট হয়ে কী হতাশা নিয়েই না মাঠ ছাড়লেন কেভিন পিটারসেন! কাল সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ষ রয়টার্স

ইংল্যান্ডের ইনিংসের ৫৪তম ওভারের শেষ বল। ক্রিজে এদিকে ব্যাট হাতে শেষ ব্যাটসম্যান বয়েড র্যাঙ্কিন, ওদিকে বল হাতে নাথান লায়ন। অস্ট্রেলিয়ান অফ স্পিনারকে চার মেরে রানের খাতা খুললেন র্যাঙ্কিন। সিডনির গ্যালারিতে জনা কয়েক বার্মি আর্মি সদস্য উল্লাসে লাফিয়ে উঠলেন, যেন সেঞ্চুরি হয়েছে!
উচ্ছ্বাসটা অভিষিক্ত র্যাঙ্কিন টেস্ট ক্যারিয়ারের প্রথম রান করেছেন বলে নয়, ওই শটেই ইংল্যান্ড ফলোঅন এড়িয়ে নিশ্চিত করেছে সিডনি টেস্ট তৃতীয় দিনে যাচ্ছে!
তবে বার্মি আর্মির চেয়েও হয়তো বেশি খুশি গ্লেন ম্যাকগ্রা। ক্যানসার আক্রান্তদের সাহায্যে গড়া ‘গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের জন্য অর্থ জোগাড়ে এই টেস্টটাকে বেছে নিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার। দুই দিনেই টেস্টটা শেষ হয়ে গেলে তাঁর এত প্রচারণা আর পরিশ্রমের অনেকটাই ব্যর্থ হয়ে যেত।
সিডনি দ্বিতীয় দিনে ইংল্যান্ডের জন্য ইতিবাচক আর কিছু খুঁজে বের করা কষ্টের। ঘুরে দাঁড়িয়ে হোয়াইটওয়াশ ঠেকানো দূরের কথা, প্রতিপক্ষকে বেশিক্ষণ চাপে রাখার ক্ষমতাও যে এই ইংল্যান্ডের নেই, সেই আভাস ছিল প্রথম দিনেই। কাল দ্বিতীয় দিনে সেই দৈন্য আরও স্পষ্ট, অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে প্রথম ইনিংসে অ্যালিস্টার কুকের দল অলআউট হয়ে গেল মাত্র ১৫৫ রানে, এই সিরিজে একমাত্র ব্রিসবেনের প্রথম ইনিংসেই এর চেয়ে কম রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও দ্রুতই হারিয়েছে ৪ উইকেট। তবে তাদের ভরসা হয়ে ৭৩ রানে অপরাজিত রয়েছেন ক্রিস রজার্স। এরই মধ্যে ইয়ান বেলকে (৭৮১) টপকে পর পর দুই অ্যাশেজ মিলিয়ে সর্বোচ্চ রান হয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেনারের (৭৮৪)।
প্রথম ইনিংসের ১৭১ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪০ যোগ হওয়ায় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৩১১ রানে। আজ অস্ট্রেলিয়া যদি খুব বেশি রান যোগ না-ও করতে পারে, হার ঠেকানো ইংল্যান্ডের জন্য সহজ হবে না।
এবারও ইংল্যান্ডের ঘাতক অস্ট্রেলিয়ার পেসত্রয়ী। ১ উইকেটে ৮ রান নিয়ে দিনটা শুরু করেছিলেন অ্যালিস্টার কুক ও নাইট ওয়াচম্যান জেমস অ্যান্ডারসন। কোনো রান যোগ না করেই হ্যারিসের দ্বিতীয় বলে এলবিডব্লু হয়ে যান কুক। ২ উইকেটে ৮ রান, পরের বলেই ৩ উইকেটে ৮ হয়ে যেত যদি স্লিপে শেন ওয়াটসন ইয়ান বেলের সহজ ক্যাচ না ফেলতেন। বেশিক্ষণ আফসোস করতে হয়নি অস্ট্রেলিয়াকে। দলীয় ১৪ রানে অ্যান্ডারসন ফিরে গেছেন, খানিক পর তাঁর পথে কেভিন পিটারসেন আর বেলও। এক উইকেটে ৮ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড দিনের মাত্র ১২ ওভার না যেতেই ৫ উইকেটে ২৩! দুই অংকে পৌঁছাতে পারেননি প্রথম পাঁচ ব্যাটসম্যানের একজনও।
এই অবস্থা থেকে ইংল্যান্ড ফলোঅন এড়িয়েছে দুজনের কৃতিত্বে। প্রথম দিন বল হাতে ছয় উইকেট নেওয়ার পর কাল ব্যাট হাতেও বেন স্টোকস খেলেছেন ১০১ বলে ৪৭ রানের সংগ্রামী ইনিংস। শেষ দিকে ২২ বলে ৩০ রানের একটা ছোট ঝড় তুলেছেন স্টুয়ার্ট ব্রড। গ্যারি ব্যালান্সের উইকেট নিয়েছেন অফ স্পিনার লায়ন, বাকি ৯ উইকেট সমান ভাগে ভাগ করে নিয়েছেন মিচেল জনসন, পিটার সিডল ও রায়ান হ্যারিস। এএফপি, ওয়েবসাইট।