হোয়াইটওয়াশের কারণ দর্শাতে হবে ভেট্টোরিদের
দেশ ছাড়ার আগে কত স্বপ্ন দেখিয়ে এসেছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। অথচ বাংলাদেশ থেকে নিয়ে যেতে হয়েছে হোয়াইটওয়াশের লজ্জা! তবে এ লজ্জাতেই কেবল পার পাচ্ছেন না ডেনিয়েল ভেট্টোরিরা। বাংলাদেশের সফরে লজ্জাজনক পারফরম্যান্সের কারণ দর্শাতে অধিনায়ক ভেট্টোরি ছাড়াও কোচ মার্ক গ্রেটব্যাচ, হাই পারফরম্যান্স ডিরেক্টর রজার মর্টিমারকে আগামী ২২ অক্টোবর হাজির হতে হবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে।হোয়াইটওয়াশের সঙ্গে অবশ্য আরেকটি লজ্জা পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে নেমে গেছে তারা। ২০০৫ সালের নভেম্বরের পর এটি নিউজিল্যান্ডের সর্বনিম্ন র্যাঙ্কিং।নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মহাব্যবস্থাপক জিওফ অ্যালট ডমিনিয়ন পোস্টকে বলেন, ‘বিশ্বকাপের আগ মুহূর্তে ৪-০ তে হার আমাদের বড় উদ্বেগের কারণ। আমাদের সব কিছু ঠিক ছিল, তার পরও প্রতিটি ম্যাচেই হেরেছি আমরা। দলের সিনিয়র ব্যাটসম্যানরা যেভাবে খেলেছেন, তা উদাহরণ দিয়ে প্রকাশ করার মতো নয়।’তাহলে কি নিউজিল্যান্ড ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আসছে? এ প্রশ্নে জিওফ অ্যালট অবশ্য পরিবর্তন না আসার কথাই বলছেন, ‘ম্যানেজমেন্টে পরিবর্তন আসার সম্ভাবনা কম। আমাদের সঙ্গে যাঁরা আছেন, তাঁদের ওপর আস্থা রাখা বেশ গুরুত্বপূর্ণ।’