প্রথম তিনটি ওয়ানডে জিতে সিরিজ জয়টা আগেই নিশ্চিত করে ফেলেছিল ভারত। আজ চতুর্থ ওয়ানডেটিও জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবানোর পথে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে স্বাগতিকেরা। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ২২১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১০ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনি-বাহিনী।২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালোভাবে করতে পারেনি ভারত। দুর্দান্ত বোলিং করে মাত্র ৪৬ রানের মধ্যেই দুই ভারতীয় ওপেনার পার্থিব প্যাটেল, আজিনকা রেহানে ও গৌতম গম্ভীরকে সাজঘরে পাঠিয়েছিলেন স্টিভেন ফিন ও স্টুয়ার্ট মিকার। কিন্তু চতুর্থ উইকেটে ১৩১ রানের চমত্কার এক জুটি গড়ে ভারতের জয়টা নাগালে নিয়ে আসেন সুরেশ রায়না ও বিরাট কোহলি। ৬২ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিনের শিকারে পরিণত হন রায়না। বাকি কাজটা বেশ সহজেই সেরে ফেলেন কোহলি ও অধিনায়ক ধোনি। ৮৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন কোহলি। ধোনির ব্যাট থেকে আসে ১৫ রান।এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড শুরুটা খারাপ করেনি। ঝড়ো ব্যাটিং করে উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করেছিলেন দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও ক্রেইস কিসওয়েটার। ষষ্ঠ ওভারে কুককে এলবিডব্লিউর ফাদে ফেলেন অশ্বিন। এক ওভার পরে কিসওয়েটারকেও সাজঘরমুথী করেন প্রাভীন কুমার। তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে কিছুটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন জনাথন ট্রট ও কেভিন পিটারসেন। তবে খুব বেশি বিপদজনক হয়ে ওঠার আগেই তাদেরকে আউট করে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরিয়েছেন বিনয় কুমার ও অশ্বিন। ৪১ রান করে ফিরেছেন পিটারসেন। ৩৯ রান করে আউট হয়েছেন ট্রট। এরপর খুব অল্প সময়ের মধ্যে রবি বোপারা ও জনি বেয়ারস্ট্রোর উইকেটও তুলে নিয়ে সফরকারীদের চাপের মুখে ফেলে দেন বাহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। সপ্তম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহটা কিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে যান সামিত পাটেল ও টিম ব্রেসনান। ১৯২ রানের মাথায় এই জুটি ভাঙ্গেন অশ্বিন। ১৪ রান করে ফিরে যান পাটেল। এরপর টানা তিন ওভারে একে একে ব্রথউইক, মিকার ও ব্রেসনানকে আউট করেন অরুন। ৪৫ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ব্রেসনান।