হোয়াইটের সেঞ্চুরিতে নীল পাকিস্তান
‘আমার ভূমিকাটা এখন আমি ভালো করেই জানি’—ম্যাচ শেষে বললেন ক্যামেরন হোয়াইট। তা হোয়াইট বলতেই পারেন। বেচারার পরিচয় নিয়ে তো আর কম টানাহেঁচড়া হয়নি!দায়ী অবশ্য তিনি নিজেই। দুজনই লেগ স্পিনার, দুজনই ভিক্টোরিয়ার, দুজনই ব্লন্ড—সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নামার পর থেকেই তাঁকে ভাবা হয়েছে শেন ওয়ার্নের উত্তরসূরি। পরে দেখা গেল, ব্যাটের হাতটাও খারাপ না। কিছুদিন পরে হয়ে গেলেন একটু বোলিং আর একটু ব্যাটিং জানা অলরাউন্ডার। আর একসময় অধিনায়ক আর ব্যাটসম্যান পরিচয়টা ছাপিয়ে গেল লেগ স্পিনার পরিচয়কে। এখন তো তিনি পুরোদস্তুর ব্যাটসম্যান, মাঝেমধ্যে হাত ঘোরান। গত সেপ্টেম্বর থেকে ১৭ ওয়ানডে ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি—অবশেষে একটা পরিচয়ে থিতু হওয়ার স্বস্তি এখন পেতেই পারেন হোয়াইট!৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই পাকিস্তানের ২৭৪ রান টপকে গেছে অস্ট্রেলিয়া, সহজ জয়ই বলা যায়। কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংসের ৪০ ওভার শেষেও ম্যাচটা ছিল দোদুল্যমান। শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৭৫, পাকিস্তানের ৬ উইকেট। ম্যাচ অস্ট্রেলিয়ার দিকেই হেলে, কিন্তু নিশ্চিত তো আর নয়। ইনিংসের ৪১তম আর শহীদ আফ্রিদির শেষ ওভারে টানা তিনটি ছয় মেরে হোয়াইট জয় নিয়ে সংশয় দূর করে ফেললেন অনেকটাই। তিন ছয়ের প্রথম দুটি মিড উইকেটের ওপর দিয়ে, পরেরটি লংঅন। এই তিনটির মতো আগের ছক্কাটিতেও (আজমলের বলে) কৌশলের চেয়ে বেশি ছিল শৌর্য, বিল লরি কি আর এমনি এমনি বলছিলেন ‘মাসকিউলার ইনিংস!’ ৮৫ বলে সেঞ্চুরি করতে হলে একটু তো অমন হতেই হয়।পাকিস্তানের ইনিংসটা ২৭৫ পর্যন্ত গিয়েছিল আর ৩০০ পর্যন্ত যেতে পারেনি আফ্রিদির কারণেই। ৪০ ওভার শেষে ২০৫, ৪৭ ওভারে পাকিস্তানের রান ২৬৯ হয়ে গেল তো আফ্রিদির ২৬ বলে ৪৮ রানের ইনিংসের কল্যাণেই। তিন শও যখন মনে হচ্ছিল খুবই সম্ভব, তখনই আফ্রিদি আউট। এরপর পাকিস্তান করতে পেরেছে আর ৫ রান। পাকিস্তানকে ভালো একটা শুরু এনে দিয়েছিলেন কামরান আকমল (৩৪) ও সালমান বাট (৭২)। আর স্বেচ্ছাবিরতি থেকে ফিরে খুব একটা খারাপ করেননি ইউনুস খানও (৪৬)। ওয়েবসাইট।