হোয়াইটের হল্যান্ড-জাত আত্মবিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারলেও ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল হল্যান্ড। পরশু হওয়া নাগপুরের ম্যাচ আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে আয়ারল্যান্ডের। মিরপুর স্টেডিয়ামে কাল অনুশীলন শুরুর আগে আইরিশ অফ স্পিনার অ্যান্ড্রু হোয়াইট জানালেন সেটাই।‘দারুণ খেলেছে হল্যান্ড। ব্যাটিং খুবই ভালো করেছে, তবে দুর্ভাগ্যজনকভাবে বোলিংয়ে ভালোটা ধরে রাখতে পারেনি। তবে আমাদের বিশ্বাস, ও রকম একটা স্কোর করতে পারলে বাংলাদেশের বিপক্ষে আমরাই জিতব’—বলেছেন হোয়াইট। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চান এই অফ স্পিনার। তবে এই কন্ডিশনে যে স্পিনটাই বড় বাধা হবে আয়ারল্যান্ডের সামনে, সেটা জানেন হোয়াইটও। অবশ্য এই বাধার মুখোমুখি হতে প্রস্তুত তারা, ‘আমাদের দেশের তুলনায় এখানকার কন্ডিশনের অনেক পার্থক্য। পিচ একটু মন্থর, বল নিচু হয়ে আসে...স্পিনের জন্য আদর্শ। কোনো সন্দেহ নেই বাংলাদেশ দলে চারজন স্পিনার থাকবে। শুক্রবার রাতে তাদের মুখোমুখি হতে আমরাও প্রস্তুত আছি।’এবারের বিশ্বকাপে সবচেয়ে পরে খেলতে নামছে আয়ারল্যান্ডই। আর সব দল আজকের মধ্যে বিশ্বকাপে অন্তত একটি করে ম্যাচ খেলে ফেললেও আয়ারল্যান্ড প্রথম ম্যাচই খেলবে কাল। হোয়াইট অবশ্য এই বিলম্বে সুবিধাই দেখছেন বেশি, ‘খেলা শুরু করতে একটু দেরি হলেও সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে। তা ছাড়া দেরিতে মাঠে নামায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও ভালো সুযোগ পেলাম আমরা।’আয়ারল্যান্ড দলের দুজন অপেশাদার ক্রিকেটারের একজন বেলফাস্টের শিক্ষক অ্যান্ড্রু হোয়াইট। আরেক অপেশাদার নাইজেল জোন্স চাকরি করেন একটি পাঁচ তারকা হোটেলে। ১৩ পেশাদার ক্রিকেটারের বাইরে অপেশাদার হতে পারাটা নাকি উপভোগই করেন হোয়াইট, ‘দলে ১৩ জন ক্রিকেটার পুরোপুরি পেশাদার। বাকি যে দুজন আছে তারাও খুব চেষ্টা করছে বাকিদের সঙ্গে মানিয়ে নিতে। বেলফাস্টের একজন শিক্ষক হিসেবে ওই দুজনের একজন হতে পেরে আমি খুশি।’