হোয়াটমোর তা বলেননি!
মোহাম্মদ হাফিজকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পছন্দ নয় প্রধান কোচ ডেভ হোয়াটমোরের। গত মে মাসে নেতৃত্ব পাওয়া হাফিজকে সরিয়ে দিতে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শও দিয়েছেন তিনি—এ খবর পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের। তবে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হোয়াটমোর।‘আমি পরিষ্কার জানাতে চাই, এ মুহূর্তে আমি পাকিস্তানে নেই এবং কোনো গণমাধ্যমে সাক্ষাত্কার বা বিবৃতি দিইনি। এ নিয়ে পিসিবির সঙ্গে কোনো আলোচনা করিনি বা পরামর্শও দিইনি।’ এক বিবৃতিতে বলেছেন হোয়াটমোর।বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোরের অভিযোগ, ভারত সফরের আগে পাকিস্তানি ক্রিকেটারদের মনোবল ভেঙে এমন নেতিবাচক খবর প্রচার করা হচ্ছে। বিবৃতিতে তিনি বলেন, সংবাদটি পুরোপুরি মিথ্যা। খারাপ উদ্দেশ্য নিয়েই এটা করা হয়েছে। ভারতের মতো গুরুত্বপূর্ণ সফরের জন্য যখন পাকিস্তান দল প্রস্তুতি নিচ্ছে, তখন ক্রিকেটারদের মনোবল ভেঙে দিতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে।শ্রীলঙ্কায় গত মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। কিন্তু ওই প্রতিযোগিতায় হাফিজের নেতৃত্বের কড়া সমালোচনা করেন পাকিস্তানের গণমাধ্যম ও সাবেক ক্রিকেটাররা। সেমিফাইনালের দলে রাখা হয়নি বোলার আবদুল রাজ্জাককে। এ ঘটনায় হাফিজের কড়া সমালোচনা করেছিলেন তিনি।টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হাফিজের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠায় মনে করা হচ্ছিল, নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাঁকে। তবে গত সপ্তাহে পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ নিশ্চিত করেছেন, ভারত সফরেও টি-টোয়েন্টির নেতৃত্বে থাকছেন হাফিজ।গত বছরের মে থেকে ক্রিকেটের তিন ধরনের ফরম্যাটেই পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে আসছিলেন মিসবাহ-উল হক। কিন্তু এক বছর যেতে না যেতে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে মোহাম্মদ হাফিজকে দায়িত্ব দেওয়া হয়।৩৮ বছর বয়সী মিসবাহর বিরুদ্ধে অভিযোগ, টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে তিনি ততটা মানানসই নন। তাঁর নেতৃত্ব অতি রক্ষণাত্মক। গণমাধ্যমে জোর গুঞ্জন ছিল, ডেভ হোয়াটমোর নাকি চাচ্ছিলেন সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব থেকেই মিসবাহকে সরিয়ে দেওয়া হোক। তবে খুব বেশি পরিবর্তনের পথে যায়নি পিসিবি। মিসবাহকে সরিয়ে দেওয়া হয় শুধু টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব থেকে। সূত্র: ডন।