হোয়াটমোর-মিসবাহর চাকরি নিরাপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ ডেভ হোয়াটমোর ও অধিনায়ক মিসবাহ-উল-হককে বরখাস্ত করার কোনো পরিকল্পনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নেই। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ এ খবর জানিয়েছেন।দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজে ‘ধবলধোলাই’ হয় পাকিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মিসবাহর দল হারে ৩-২-এ। এ অবস্থায় কোচ হোয়াটমোর ও অধিনায়ক মিসবাহকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন সমালোচকেরা।গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে আশরাফ বলেন, ‘মিসবাহর অধিনায়কত্ব বা হোয়াটমোরের কোচিংয়ের ওপর কোনো হুমকি দেখছি না আমি। গত এক বছরে তাঁরা তাঁদের কাজ সঠিকভাবে পালন করেছেন। দক্ষিণ আফ্রিকা সফরের পারফরম্যান্স মূল্যায়ন করার সময় কথাটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের।’টেস্টে ধবলধোলাই হওয়াকে ‘হতাশাজনক’ বলে আখ্যায়িত করেছেন জাকা আশরাফ। তবে দলের ওপর আস্থা আছে বলেও জানিয়েছেন পিসিবি প্রধান। আশরাফ বলেন, ‘আমাদের সঙ্গে হোয়াটমোরের দুই বছরের চুক্তি আছে। সঠিক সময়েই তাঁর পারফরম্যান্সের মূল্যায়ন করব আমরা। একইভাবে ওয়ানডে সিরিজে মিসবাহর নেতৃত্ব আমাদের কাছে ততটা দুর্বল মনে হয়নি।’পিসিবি প্রধান বলেন, ‘এখনকার সময় ক্রিকেট অনেকটা বিজ্ঞানের মতো। খেলোয়াড় ও দলের ম্যানেজমেন্টের ওপর আস্থা রাখা প্রয়োজন আমাদের। আমরা তাঁদের সর্বোচ্চ সুবিধা ও পরিবেশ দেওয়ার চেষ্টা করব। এর পরই কেবল তাঁদের কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স প্রত্যাশা করতে পারি আমরা।’ সূত্র: ডন।