হোয়াটমোরকে আমন্ত্রণ পিসিবির
বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আমন্ত্রণের উদ্দেশ্য, পাকিস্তানের পরবর্তী প্রধান কোচ হওয়ার শর্ত নিয়ে আলোচনা করা।পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা ক্রিকইনফোকে জানিয়েছেন, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আলোচনার উদ্দেশে পাকিস্তান যেতে পারেন হোয়াটমোর। সম্ভাব্য ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেনেরও আলোচনায় অংশ নেওয়ার কথা।পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ বলেন, ‘হোয়াটমোরের সঙ্গে আলোচনায় আছি আমরা। আগামী মাসে চুক্তির শর্ত নিয়ে আলোচনার জন্য তাঁকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি, চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারব আমরা।’হোয়াটমোর বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজ কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে আছেন। কয়েক মাস ধরে তাঁর সঙ্গে আলোচনা চালাচ্ছে কোচ নিয়োগে পিসিবির অনুসন্ধান কমিটি। তবে এখন পর্যন্ত দুই পক্ষ চুক্তিতে উপনীত হতে পারেনি।