হোয়াটমোরের অস্বীকার
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পরপরই খবরটা একবার চাউর হয়েছিল। গত সপ্তাহে আবার পাকিস্তানের সংবাদমাধ্যমে আসে মোহাম্মদ হাফিজকে আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দেখতে চান না ডেভ হোয়াটমোর। পাকিস্তান কোচ নাকি সুপারিশও করেছেন হাফিজের বদলে অন্য কাউকে অধিনায়ক করতে। তবে এসব খবর উড়িয়ে দিলেন হোয়াটমোর। ভারত সফরের আগে দলের মনোবলে চিড় ধরাতেই নাকি এসব ছড়ানো হচ্ছে!২২ ডিসেম্বর ভারত সফরে যাবে পাকিস্তান। এর আগে আর কোনো খেলা নেই। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর তাই ছুটিতে দেশে গেছেন হোয়াটমোর। পিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাওয়া গেছে হোয়াটমোরের বক্তব্য, ‘আমি পরিষ্কার করে দিতে চাই, এ মুহূর্তে আমি পাকিস্তানে নেই, সংবাদমাধ্যমে কোনো সাক্ষাৎকার বা বিবৃতিও দিইনি। পিসিবির সঙ্গে কোনো ব্যাপার নিয়ে আলোচনাও হয়নি বা কোনো পরামর্শ দিইনি। যে খবর ছড়িয়েছে তা পুরোপুরি ভুল এবং এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। মহাগুরুত্বপূর্ণ ভারত সফরের আগে দলকে মনোবলহীন করার অপচেষ্টা এটা।’ এএফপি।