হোয়াটমোরের দিকে তির
পাকিস্তানের হয়েছিল যেন ‘সুখে থাকলে ভূতে কিলায়’ অবস্থা। মহসিন খানের কোচিংয়ে দারুণ করছিল দল। অননুমেয় চরিত্র কিছুটা ঝেড়ে ফেলে ধারাবাহিক হতেও শুরু করেছিল। কিন্তু হন্যে হয়ে বিদেশি কোচ খুঁজে দায়িত্ব দেওয়া হলো ডেভ হোয়াটমোরকে। পাকিস্তানও ফিরে গেল পুরোনো চেহারায়। হোয়াটমোরের কোচিংয়ে দুটি টেস্ট সিরিজই হেরেছে পাকিস্তান। গত বছর শীর্ষ দল ইংল্যান্ডকে ধবলধোলাই করা দল এবার উল্টো স্বাদ পেল দক্ষিণ আফ্রিকার কাছে। তাই সাবেক অধিনায়ক মঈন খানের দাবি, বরখাস্ত করা হোক হোয়াটমোরকে। দক্ষিণ আফ্রিকার আগে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। র্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে নেমেছে পাঁচে। হোয়াটমোরকে নিয়ে প্রশ্ন তাই উঠতই। এত দেরিতে উঠল, বিস্ময়ের বরং সেটাই। পাকিস্তানের মতো দেশে বিদেশি কোচ অচল, পুরোনো সেই যুক্তিটিই আবার তুলে ধরেছেন মঈন, ‘পাকিস্তানে একটা ধারণা সব সময়ই চলে আসছে যে বিদেশি কোচ থাকলে দলে অন্তর্দ্বন্দ্ব থাকবে না। কিন্তু হোয়াটমোর নিজেই এখন টিকে থাকার জন্য লড়ছে। তা ছাড়া কোচ বিদেশি হলে আমাদের ছেলেদের সঙ্গে যোগাযোগের সমস্যা হয়, ভুলগুলো ক্রিকেটারদের ভালোভাবে বোঝাতে পারেন না। এটা অনেক বড় একটি সমস্যা। পাকিস্তানের ক্রিকেটাররা মহসিন খানের কোচিংয়ে অনেক খুশি ছিল। এখন হোয়াটমোর যদি নিজে থেকে পদত্যাগ না করেন, পিসিবির উচিত তাঁকে বরখাস্ত করা।’কোচ হিসেবে হোয়াটমোরের সবচেয়ে বড় সাফল্য শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতানো। তবে সেই কৃতিত্ব হোয়াটমোরকে দিতে নারাজ মঈন, ‘হোয়াটমোর অতিমূল্যায়িত কোচ। ওই শ্রীলঙ্কা দলের যেকোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করুন, ওরা বলবে দলে বিশ্বমানের সব ক্রিকেটার ছিল বলেই দল শিরোপা জিতেছে। কোচের কারণে নয়।’ শুধু কোচ নয়, মঈন কাঠগড়ায় তুলেছেন অধিনায়ক মিসবাহ-উল-হককেও, ‘কোচ ও অধিনায়ক দুজনেরই এখন অস্তিত্বের লড়াই। তাঁদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্য থাকা উচিত এবং দলকে সেই লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া উচিত দৃঢ় পদক্ষেপে। কিন্তু আমি এমন কিছুই দেখতে পাচ্ছি না। বরং দলের চেয়ে নিজেদের স্বার্থকেই তাঁরা বড় করে দেখছেন।’দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ভালো কিছু করতে পারলে হয়তো তোপ থেকে কিছুটা বাঁচতে পারবেন হোয়াটমোর-মিসবাহ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজই, ডারবানে। ওয়েবসাইট।