হোয়াটমোরের হতাশা কমছে না
হাইকোর্টের রায়ের পর আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে ‘সফর আপাতত স্থগিত’। তবে বাংলাদেশের প্রস্তাবিত পাকিস্তান সফরকে এখন বাতিল অধ্যায় বলাই যায়। পাকিস্তানও ব্যাপারটা জানে। দেশটির ক্রিকেটমহল থেকে হতাশার খবর আসছে তাই নিয়মিতই। হতাশ ডেভ হোয়াটমোরও। পাকিস্তানের অস্ট্রেলিয়ান কোচ নাকি নিরাপত্তার কোনো সমস্যা অনুভব করছেন না। সফর স্থগিতের পরপরই প্রতিক্রিয়ায় হতাশা জানিয়েছেন হোয়াটমোর। সপ্তাহ খানেক পরও কমেনি তা, ‘সিরিজ স্থগিত হয়ে যাওয়াটা খুবই দুঃখজনক। সূচি চূড়ান্ত হয়ে যাওয়ার পর আমরা দল বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছিলাম। দ্রুত অনুশীলন শুরুর পরিকল্পনা করছিলাম। আচমকাই সব থমকে গেল। খুবই হতাশাজনক। বিশেষ করে ক্রিকেটারদের জন্য এটা বেশি হতাশার।’ অস্ট্রেলিয়ান হলেও হোয়াটমোরের জন্ম-বেড়ে ওঠা শ্রীলঙ্কায়। জীবনের বড় একটা অংশ কাটিয়েছেন দ্বীপ দেশটিতে; এবং তা গৃহযুদ্ধের মধ্যেই। নিরাপত্তা তাই কোনো সমস্যাই নয় হোয়াটমোরের জন্য, ‘দেখুন গৃহযুদ্ধের মাঝেই আমি শ্রীলঙ্কায় থেকেছি, সমস্যার শেষ দেখেছি। গত মাস দুয়েক লাহোরে থাকছি, ইচ্ছামতোই চলাফেরা করছি। নিরাপত্তার কোনো সমস্যা আমি দেখছি না।’ ওয়েবসাইট।