হোয়াটমোরের ‘মিশন পাকিস্তান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা, বাংলাদেশের পর উপমহাদেশের তৃতীয় দেশ হিসেবে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডেভ হোয়াটমোর। নতুন এই অ্যাসাইনমেন্টে পাকিস্তানি ক্রিকেটের বিপর্যস্ত অবস্থা সামাল দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব ক্রিকেটের আঙিনায় নতুনভাবে পাকিস্তানকে শক্ত অবস্থান করে দেওয়ার লক্ষ্যই তাঁর। আজ বৃহস্পতিবার এশিয়া কাপের জন্য ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের এ রকম প্রতিশ্রুতিই দিয়েছেন ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ উপহার দেওয়া সময়ের অন্যতম সফল এই কোচ।আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ দিয়েই পাকিস্তানের কোচ হিসেবে কাজ শুরু করবেন ডেভ হোয়াটমোর। বাংলাদেশে অনুষ্ঠিতব্য এই চার দেশীয় প্রতিযোগিতাটা তাই একটু বেশিই গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের সামনে যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তার শুরুটা এশিয়া কাপ দিয়েই হবে। তাই এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে অন্য দলগুলোও খুব ভালো ও শক্তিশালী প্রতিযোগী।’এশিয়া কাপকে পাকিস্তানি ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখার মিশন হিসেবেই নিচ্ছেন এই অস্ট্রেলীয়। সেসঙ্গে তাঁর মাথায় আছে, দীর্ঘমেয়াদে পাকিস্তানের ক্রিকেটের উন্নতি। তরুণ পাকিস্তানি ক্রিকেটারদের নিয়েও দারুণ আশাবাদী হোয়াটমোর। পাকিস্তানে অনেক মেধাবী ও প্রতিভাবান ক্রিকেটার আছে উল্লেখ করে হোয়াটমোর বলেন, ‘আমাকে পাকিস্তানি ক্রিকেটের ভবিষ্যত্ উন্নয়নের জন্য কাজ করতে হবে। এটা কোচ হিসেবে আমার জন্য খুবই ভালো একটা ব্যাপার। তবে এ মুহূর্তে আমার কাজ হচ্ছে, পাকিস্তান যেন এই প্রতিযোগিতাটায় ভালো করতে পারে সেটা নিশ্চিত করা।’— রয়টার্স