হ্যাঁ, মেসিও কেঁদেছেন!
নিন্দুকদের চোখের দৃষ্টি থেকে পার্থক্যের পর্দাটা অনেকাংশেই মুছে ফেলেছেন। বার্সেলোনার মেসি এখন আর্জেন্টিনারও মেসি। তবে ক্যারিয়ারের অনেকটা সময় ধরেই লিওনেল মেসিকে বিদ্ধ হতে হয়েছে ওই সমালোচনার তিরে—মেসি যতটা বার্সেলোনার, আর্জেন্টিনার ততটা নন। সমালোচনাটা একদিক দিয়ে অযৌক্তিকও ছিল না। বার্সেলোনার হয়ে গোলের বান বইয়ে দিলেও জাতীয় দলের জার্সিতে কেন যেন গোল পাচ্ছিলেন না। তবে আত্মনিবেদন, চেষ্টার কমতি ছিল না মোটেও। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল না হওয়ায় তাই গুমরে কেঁদেছেন। পরাজয়ের বেদনায় ভেঙে পড়া অন্দরের সেই মেসির ছবিটা একবার প্রকাশও করে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ২০১০ বিশ্বকাপের পর তখনকার আর্জেন্টাইন কোচ আর্জেন্টাইন টেলিভিশনকে বলেছিলেন, ‘আমি ড্রেসিংরুমে মেসিকে কাঁদতে দেখেছি।’ এত দিন পর মেসিও স্বীকার করলেন, জাতীয় দলের ব্যর্থতায় কেঁদেছেন তিনি। মাঠে দুর্বল পারফরম্যান্সের কষ্টের কণাগুলো চোখের জল হয়ে গড়িয়েছে অনেকবারই। ‘আর্জেন্টিনার হয়ে যে ভালো খেলতাম না, সেটা তো আমিও অনুভব করতাম। তা ছাড়া দলেও একমাত্র আমিই ছিলাম না’—ইংলিশ ট্যাবলয়েড দ্য সানকে বলেছেন বার্সেলোনার ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।২০০৬ ও ২০১০—দুটো বিশ্বকাপ থেকেই দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। দুবারই আর্জেন্টিনা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে কি না, মেসি উড়িয়ে দিয়েছেন এই দাবিও। তবে চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেছেন দুবারই বিশ্বকাপ মঞ্চ থেকে এভাবে বিদায় নেওয়ায় দুঃখ পেয়েছেন, ‘পুরো দলই ভালো খেলতে পারেনি। আমার কাছে মানুষ এবং গণমাধ্যমের চাওয়া ছিল, আমি একাই ম্যাচ জিতিয়ে দিই। কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। আমি অনেকবারই কেঁদেছি। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো খেলেও জার্মানির কাছে টাইব্রেকারে হেরে যায়। ২০১০ বিশ্বকাপেও একই রকম ব্যাপারই ঘটে। হ্যাঁ, আমি কেঁদেছি। পুরো দলই কেঁদেছে।’জাতীয় দলের হয়ে ভালো খেলতেন না স্বীকার করে মেসি আরও বলেছেন, ‘আমিই আমার এক নম্বর সমালোচক। ভালো খেলি বা খারাপ খেলি, আমার মাথা গরম হয়ে যায়। আমার রাগ হতো। কারণ আমি কখনোই হারতে চাই না। আমি জানতাম, আমার সেরাটা দিতে পারিনি। কিন্তু আমার প্রথম চাওয়া থাকত ভালো খেলা।’ ওয়েবসাইট।