হ্যাকেটের রেকর্ড ভাঙলেন ইয়াং
দশ দশটি বছর পেরিয়ে গেছে। ১৫০০ মিটার ফ্রিস্টাইলে গ্রান্ট হ্যাকেটের রেকর্ডটি মনে হচ্ছিল অক্ষয়। তবে পরশু চীনের সান ইয়াং আরেকবার বুঝিয়ে দিলেন, কোনো রেকর্ড গড়ে ওঠে ভাঙার জন্যই। সাংহাইয়ে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে হ্যাকেটের ১০ বছরের পুরোনো রেকর্ডটি ভেঙে দিলেন তিনি। ১৪ মিনিট ৩৪.১৪ সেকেন্ডে ১৫০০ মিটার শেষ করেছেন ১৯ বছর বয়সী ইয়াং। ২০০১ সালে হ্যাকেট রেকর্ড গড়ার পথে ১৫০০ মিটার সাঁতরে ছিলেন ১৪ মিনিট ৩৪.৫৬ সেকেন্ডে। ইয়াং অবশ্য রেকর্ডের মঞ্চে দাঁড়িয়েই হুঙ্কার দিয়েছেন, আরও কম সময়ে ১৫০০ মিটার সাঁতরাতে পারবেন তিনি। আর সেটা নাকি দেখা যাবে লন্ডন অলিম্পিকেই। যুক্তরাষ্ট্রের মহিলা সাঁতারু মিসি ফ্রাঙ্কলিন কাল জিতেছেন ২০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনা। সাংহাই চ্যাম্পিয়নশিপে এই নিয়ে চতুর্থ সোনা জিতলেন। ৪–১০০ মিটার মিডলেতে ১৯৯৮ সালের পর যুক্তরাষ্ট্র যে প্রথম সোনা জিতল, তাতে বড় অবদান মিসিরই। এএফপি।