হ্যাজার্ডে মুগ্ধ তোরেস
নিজেকে চিনিয়েছেন লিলেতে থাকতেই। সে কারণেই তাঁকে নিয়ে কাড়াকাড়ি, শেষ পর্যন্ত তিন কোটি ২০ লাখ পাউন্ডে তাঁকে পেয়েছে চেলসি। এডেন হ্যাজার্ড নতুন দল, নতুন দেশের সঙ্গে মানিয়ে নিতে একটুও সময় নেননি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম তিন ম্যাচেই ম্যাচসেরা বেলজিয়ান তরুণ! বাইরে থেকে তো বটেই, ২১ বছর বয়সী হ্যাজার্ডকে প্রশংসায় ভাসাচ্ছেন তাঁর কোচ-সতীর্থরাও। ফার্নান্দো তোরেসই যেমন বলছেন, হ্যাজার্ডের সঙ্গে খেলতে পারাটা সৌভাগ্যের ব্যাপার।উইগানের বিপক্ষে মৌসুমের প্রথম লিগ ম্যাচে হ্যাজার্ডের এনে দেওয়া পেনাল্টি থেকেই গোল করে দলের জয় নিশ্চিত করে দেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। হ্যাজার্ড দলকে পেনাল্টি উপহার দেন রিডিংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও। গত শনিবার নিউক্যাসলের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয়টিই তো হ্যাজার্ডময়। পেনাল্টি থেকে নিজে একটি গোল করেছেন, সতীর্থ তোরেসকে দিয়ে করিয়েছেন অন্যটি। একজন স্ট্রাইকারের পারফরম্যান্স নির্ভর করে নিচে থেকে তাঁকে কতটা পাস দেওয়া হয় তার ওপর। হ্যাজার্ড তোরেসের উদ্দেশে সেই কাজটা করে যাচ্ছেন দারুণভাবে। তোরেস তাই অভিভূত, ‘ওর মতো খেলোয়াড়েরা ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে। পেছনে ওর মতো কিংবা হুয়ান (মাতা), অস্কার বা ল্যাম্পসের (ফ্রাঙ্ক ল্যাম্পার্ড) মতো খেলোয়াড় থাকাটা একজন স্ট্রাইকারের জন্য সৌভাগ্যের ব্যাপার।’হ্যাজার্ড মুগ্ধ করেছেন প্রতিপক্ষ খেলোয়াড়দেরও। নিউক্যাসলের ফরাসি মিডফিল্ডার ইয়োহান কাবায়ের ভবিষ্যদ্বাণী, হ্যাজার্ড ইংলিশ প্রিমিয়ার লিগেরই অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হবেন। চেলসিতে যোগ দেওয়ার আগে হ্যাজার্ড ফ্রান্সে খেলতেন বলে আগে থেকেই তাঁর সঙ্গে চেনাজানা। বেলজিয়ান তরুণ তুর্কিকে প্রিমিয়ার লিগে আসার জন্য উদ্দীপ্তও করেছেন কাবায়। হ্যাজার্ডের স্বপ্নের সীমানাও দিগন্তবিস্তৃত। নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি চেলসির হয়ে অনেক অনেক শিরোপা জেতার লক্ষ্যের কথাও জানিয়ে দিয়েছেন সবাইকে, ‘চেলসির লক্ষ্যও গ্রেট ক্লাবদের মতোই। এই বছর আমাদের সাতটা ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এখনো ছয়টা আছে। আমরা যদি দুটি বা তিনটি জিততে পারি, সেটা হবে দারুণ।’ ওয়েবসাইট।