হ্যাটট্রিক! হ্যাটট্রিক!!
শুরুতে আর্জেন্টিনা, শেষেও আর্জেন্টিনা। মাঝখানে? একটা বিতর্ক!গুইলার্মো স্ট্যাবিল নাকি বার্ট প্যাটেনড—এই বিতর্ক চলে এসেছে আট দশক ধরে, বিতর্ক যে পিছু ছাড়ে না আর্জেন্টিনার! এখানে অবশ্য তাদের কোনো দায় নেই। দায় ফিফারই। ২০০৬ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিককারী হিসেবে নাম ছিল আর্জেন্টিনার স্ট্যাবিলের। আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েইনকে দিয়ে যে চক্রটা পূর্ণ হয়েছে পরশু। কিন্তু ১৯৩০ সালের ১৯ জুলাই মেক্সিকোর বিপক্ষে যেদিন হ্যাটট্রিক করেন স্ট্যাবিল, তার দুই দিন আগেই প্যাটেনডও প্যারাগুয়ে ম্যাচে তিন গোল করেছেন বলে একটা বিতর্কও চলে এসেছে। বিতর্কের কারণ, ম্যাচের দ্বিতীয় গোলটি আদৌ প্যাটেনডের কি না। কেউ বলে গোলটি তাঁর, কেউ বলে গোলটি আত্মঘাতী। খোদ ফিফার ম্যাচ রিপোর্টে ছিল, গোলটি প্যাটেনড-সতীর্থ টম ফ্লোরির।অবশেষে ওই বিতর্কের শেষ টেনে দিতে ২০০৬ সালের ১০ নভেম্বর ফিফা প্যাটেনডের দ্বিতীয় গোলটিকে স্বীকৃতি দেয়। ফলে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্বটা এখন ক্যারিয়ারে ৪ ম্যাচে ৬ গোল করা ওই মার্কিনের দখলেই। ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতিতেও কিন্তু এখনো পুরো সমাধান হয়নি বিতর্কের। অবশ্য স্ট্যাবিলের আরেকটা কীর্তি এখনো অক্ষত। মেক্সিকো ম্যাচটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। অভিষেকেই হ্যাটট্রিক!হ্যাটট্রিকের দিক দিয়ে দেখা যাচ্ছে আর্জেন্টিনার ফুটবলাররা একটু এগিয়েই। বিশ্বকাপের সর্বশেষ ছয়টি হ্যাটট্রিকের তিনটিই আর্জেন্টিনার। দুবার করেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। দুটো করে হ্যাটট্রিকের কৃতিত্ব আর আছে স্যান্ডর ককসিস, জার্ড মুলার আর জাঁ ফন্টেইনের। তবে এঁরা দুটি হ্যাটট্রিকই করেছিলেন একই আসরে। ককসিস আর মুলার আবার হ্যাটট্রিক করেছিলেন টানা দুই ম্যাচে। তবে বাতিস্তুতা এঁদের চেয়ে আলাদা হয়ে গেছে দুটি বিশ্বকাপে হ্যাটট্রিক করার একমাত্র কৃতিত্বের মালিক হয়ে।শুধু তিন গোল করেই ক্ষান্ত হননি, ’৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে একাই এক ম্যাচে ৫ গোল করেছিলেন রাশিয়ার ওলেগ সালেঙ্কো। দুর্ভাগ্য আর্নস্ত উইলিমোস্কির, ১৯৩৮ বিশ্বকাপে একাই চার গোল করেও ব্রাজিলের বিপক্ষে পোল্যান্ডকে জেতাতে পারেননি। লিওনিদাসের হ্যাটট্রিক, বিশেষ করে ৯৩ আর ১০৪ মিনিটে অতিরিক্ত সময়ের দুটো গোলই ব্যবধান গড়ে দেয়। একই ম্যাচে দুটি হ্যাটট্রিক বিশ্বকাপ আর দেখেছে মাত্র দুবার। ১৯৩৮ বিশ্বকাপেই কিউবাকে ৮-০ গোলে হারানো ম্যাচে গোল করেছিলেন দুই সুইড খেলোয়াড় গুস্তাভ ওয়েটারস্টর্ম ও তোরে কেলার।বিশ্বকাপ ফাইনালে একমাত্র হ্যাটট্রিকটি করেছেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট, ১৯৬৬ বিশ্বকাপে। প্রথম গোলটি করেছিলেন ১০ মিনিটে। ৯৮ মিনিটে করা তাঁর দ্বিতীয় গোলটি লাইন পেরিয়েছিল কি না, এ নিয়ে বিতর্ক হয় আজও। ১২০ মিনিটে হার্স্টের তৃতীয় গোল। তিনটি গোল দিতে ১১০ মিনিট সময় লেগেছে তাঁর, সবচেয়ে লম্বা সময় ধরে করা হ্যাটট্রিক। ওদিকে হ্যাটট্রিক করতে বোধহয় তর সইছিল না লাজলো কিসয়ের। ১৯৮২ বিশ্বকাপে হাঙ্গেরির এই ফরোয়ার্ড হ্যাটট্রিক করতে সময় নিয়েছিলেন মাত্র আট মিনিট।১৯৫৮ বিশ্বকাপের সেমিফাইনালে হ্যাটট্রিক করেছিলেন নিজের প্রথম বিশ্বকাপ খেলতে আসা এক ব্রাজিলিয়ান। বয়স ছিল মাত্র ১৭ বছর। এখনো সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের এই রেকর্ডটি অটুট আছে। সেদিনের সেই কিশোর ফুটবল ইতিহাসে পেয়েছেন চির-অমরত্ব। নামটা বলতেই হবে? পেলে!