হ্যাটট্রিক এবং টানা তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টমাস মুলার,জন ওবি মিকেল,ক্লিন্ট ডেম্পসি
টমাস মুলার,জন ওবি মিকেল,ক্লিন্ট ডেম্পসি

পোর্ট এলিজাবেথে যেখানে থেমেছিলেন, সালভাদরে শুরু করলেন ঠিক সেখান থেকেই! কাজটা খুব সহজ ছিল না। মাঝের চার বছরে ওলটপালট হয়ে গেছে কত কিছু। কিন্তু বিশ্বকাপের টমাস মুলার আছেন ঠিক তেমনই। ২০১০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে (তৃতীয় স্থান নির্ধারণী) ম্যাচসেরা হয়েছিলেন, হলেন এবার প্রথম ম্যাচেও! উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে করেছিলেন একটি গোল। টুর্নামেন্টে পাঁচ গোল করে েপয়েছিলেন গোল্ডেন বুট, এবার প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে অনেকটা এগিয়ে গেলেন আরেকটি গোল্ডেন বুটের পথে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ মনে পড়লে আবার বুকের কোণে পুরোনো এক ব্যথা জেগে ওঠে জন ওবি মিকেলের। বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে ছিটকে পড়েছিলেন চোট পেয়ে। সেই আক্ষেপ ঘোচানোর মিশন নিয়ে এসেছেন আবার। বিশ্বমঞ্চে প্রথম ম্যাচেই চিনিয়েছেন নিজের জাত। ইরানের বিপক্ষে নাইজেরিয়ার গোলশূন্য নিষ্প্রভ ম্যাচে কিছুটা আলোর ছটা দেখা গেছে কেবল ওবি মিকেলেই। ৯৪টি পাস দিয়েছেন ম্যাচে। রক্ষণ সামলে মাঝমাঠ দাবড়ে বল বাড়িয়েছেন আক্রমণে। বিশ্বকাপ অভিষেকেই তাই ম্যাচসেরা ২৭ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার।
বিশ্বকাপ মঞ্চের পুরোনো নায়ক । ২০০৬ সালের দুঃস্বপ্নের বিশ্বকাপে ডেম্পসি ছিলেন দলের একমাত্র গোলস্কোরার। গত বিশ্বকাপেও গোল করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। এবার তো মাঠে নেমেই ইতিহাস! বিশ্বকাপ ইতিহাসের পঞ্চম দ্রুততম গোল করে ঢুকে গেছেন দেশের ইতিহাসেও। টানা তিন বিশ্বকাপে গোল করা প্রথম মার্কিন ফুটবলার ডেম্পসিই! শেষ ১০ মিনিটে অনেক নাটকীয়তা হয়েছে ম্যাচে, সমতা আসার পর আবার গোল করে জিতেছে যুক্তরাষ্ট্র। কিন্তু শুরুর ওই গোলেই ম্যাচের সেরা ডেম্পসি।