হ্যাটট্রিক করে মিসরের সপ্তম
প্রায় সময়ই টুর্নামেন্টের ফাইনালটা কাটে হতাশায়। আফ্রিকান নেশনস কাপের ফাইনালটাও পরশু হতাশা উপহার দিল। তারপরও পরশু লুয়ান্ডার ফাইনালটিকে অনেক দিন মনে রাখবে মিসরীয়রা। ঘানার বিপক্ষে ফাইনালটা ১-০ গোলে জিতে যে আফ্রিকান ফুটবলে নতুন উচ্চতায় উঠল মিসর। আন্তমহাদেশীয় ফুটবলে এটি তাদের রেকর্ড সপ্তম শিরোপা, টানা তৃতীয়। যেকোনো আফ্রিকান দলের জন্যই এটি অনন্য অর্জন। মিসরের এই সাফল্যের নায়ক মোহামেদ ‘গেদো’ ন্যাগি। যখন মনে হচ্ছিল নির্ধারিত সময়টা গোলশূন্যই যাবে ম্যাচের, তখনই গোল করে ‘ফারাও’দের উচ্ছ্বাসে ভাসিয়ে দেন বদলি হিসেবে মাঠে নামা ন্যাগি।বলতে গেলে খেলার ধারার বিপরীতেই গোলটি পেয়েছে মিসর। তবে ঘানাও যে অনেক গোলের সুযোগ সৃষ্টি করেছে, সেটাও নয়। তবে শুরুতে কিছুটা গোছানো ফুটবল খেলেছে তারাই। ঘানার পাওয়া সুযোগগুলোর প্রায় সবটাতেই ছিল স্ট্রাইকার আসামোয়া জিয়ান। শুরুর দিকে তাঁর ফ্রি-কিক মিসরীয় ‘দেয়ালে’ বাধা পেয়ে ফিরে আসে। অবশ্য জিয়ানের ব্যর্থতার চেয়ে মিসরীয় গোলরক্ষক আল-হাদারির কৃতিত্বই বেশি। ২৮ মিটার দূর থেকে নেওয়া তাঁর দুর্দান্ত ফ্রি-কিক পাঞ্চ করে দলকে বাঁচান তিনি।মাঝেমধ্যে মিসরও আক্রমণে গেছে। তবে দূর থেকেই গোলে শট নিয়ে সুযোগ নষ্ট করেছে তারা।ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে মিসরীয় কোচ হাসান শেহাতা মোতেয়াবকে তুলে মাঠে নামান ন্যাগিকে। খেটে যায় কোচের কৌশল। জিদানের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আক্রমণে উঠে দর্শনীয় গোল করেন ন্যাগি। ঘানাইয়ানদের হতাশ করে উল্লাসে মেতে উঠে মিসরীয় ফুটবলটা। কয়েক মিনিট পর ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে লুয়ান্ডার উল্লাস সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে গোটা মিসরে। রাজধানী কায়রোসহ সে দেশের বড় বড় শহরের রাজপথে নেমে আসে মানুষ। ‘মিসর, মিসর’ চিত্কার ওঠে বাতাসে।মিসরীয়দের উচ্ছ্বাসে ফেটে পড়াটাই স্বাভাবিক। আগের দুই আসরের আফ্রিকার চ্যাম্পিয়ন তারা। অথচ আফ্রিকা মহাদেশের প্রথম বিশ্বকাপের মূল পর্বে জায়গা পায়নি তারা। এই হতাশার অনেকটাই তারা ঘুচিয়েছে সেমিফাইনালে আলজেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে (প্লে-অফে এই আলজেরিয়ার কাছে হেরেই বিশ্বকাপে যাওয়া হয়নি মিসরের)। আর পরশু ফাইনাল জিতে সেটি ঘুচল আরেকটু। এই জয়ে মিসরের অপরাজিত থাকার রেকর্ড বেড়ে দাঁড়াল ১৯ ম্যাচ! কোচ শেহাতাও ছুঁলেন নতুন মাইলফলক। তিনটি আফ্রিকান নেশনস কাপজয়ী একমাত্র কোচ তিনি। মিসরের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিকে ১৭২-এ নিয়ে গেলেন অধিনায়ক আহমেদ হাসান। এএফপি।