হ্যাটট্রিক-কাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগের অর্ধেক কেবল পেরিয়েছে, এতেই তিন হ্যাটট্রিক! ৩০.৭৫ মিলিয়ন পাউন্ডে দিমিতার বারবেতভকে কেনার ফলটা এ মৌসুমে ভালোভাবেই পাচ্ছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। গত শনিবার বার্মিংহামের বিপক্ষে করা হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড ছুঁয়েছেন বারবেতভ। ২০০২-০৩ মৌসুমে তিন হ্যাটট্রিক করেছিলেন রুড ফন নিস্টলরয়। ম্যাচ বাকি এখনো ১৬টি। এই ডাচ স্ট্রাইকারকে তো বটেই, বারবেতভ ছাড়িয়ে যেতে পারেন অ্যালান শিয়ারারকেও। ১৯৯৫-৯৬ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে পাঁচটি হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড এটাই। তবে ইংলিশ ফুটবলের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্টের রেকর্ডটা ছুঁতে হলে বাকি ম্যাচগুলোয় অসাধারণ কিছু করতে হবে বারবেতভকে। ১৯৬৩-৬৪ মৌসুমে সেই সময়ের প্রথম বিভাগ ফুটবলে সাতটি হ্যাটট্রিক করেছিলেন ডেনিশ ল। ওই মৌসুমে ৪১ ম্যাচে ৪৬ গোল করেছিলেন স্কটিশ কিংবদন্তি। তবে বারবেতভ না পারলেও মনে হয় খুব একটা হতাশ হবে না রেড ডেভিল সমর্থকেরা। ল-র রেকর্ডটিও যে ছিল ম্যানইউর হয়ে!