হ্যাটট্রিক চ্যাম্পিয়ন মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে হেসেখেলেই চ্যাম্পিয়ন হলো মোহামেডান। নয় খেলায় তাদের পয়েন্ট সর্বোচ্চ ১৬। ১৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ গতবারের দুরন্ত রাজশাহীর দাবাড়ুদের নিয়ে গড়া নৌবাহিনী। ১২ পয়েন্ট পাওয়া লিওনাইন চেস ক্লাব হয়েছে তৃতীয়।

কাল শেষ রাউন্ডে মোহামেডান ৪-০ পয়েন্টে গোপালগঞ্জ চেস ক্লাবকে, নৌবাহিনী ৩.৫-০.৫ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে, একসেস গ্রুপ ২.৫-১.৫ পয়েন্টে সৃজন চেস ক্লাবকে, প্রীতম প্রিজম ৪-০ পয়েন্টে ফেইথ চেস ক্লাবকে হারিয়েছে।

হ্যাটট্রিক শিরোপা জিতে উচ্ছ্বসিত মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ‘হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লাগছে। দুরন্ত রাজশাহী এবার দল গড়েনি। নৌবাহিনীও বিদেশি কোনো খেলোয়াড় আনেনি। তাই এবার চ্যাম্পিয়ন হয়েছি খুব সহজে।’ সঙ্গে বললেন, ‘মোহামেডানের মতো যদি আবাহনী, শেখ রাসেলও দাবায় আসত তাহলে দাবার চেহারাটাই বদলে যেত। আমরা সব গ্র্যান্ডমাস্টার মিলে সেই চেষ্টা করছি।’ এবারের মোহামেডান দলে খেলেছেন দুই রাশিয়ান গ্র্যান্ড মাস্টার সের্গেই ভলকভ ও ফারুক আমোনতভ।