হ্যাটট্রিক দিয়ে জন্মদিন উদযাপন পিটার সিডলের
টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের দেখা পাওয়া খুবই দুর্লভ ব্যাপার। এত বছরের ক্রিকেট ইতিহাসে এ ঘটনা ঘটেছে মাত্র ৩৮ বার। আর কেউ যদি এ বিরল কৃতিত্ব অর্জন করে তাঁর জন্মদিনে, তাহলে অনুভূতিটা কেমন হতে পারে? অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার পিটার সিডলই এখন সেটা সবচেয়ে ভালো বলতে পারবেন। আজ তাঁর ২৬তম জন্মদিনে টেস্ট ইতিহাসের ৩৪তম বোলার হিসেবে এ বিরল কৃতিত্ব অর্জন করলেন সিডল। টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক ৩৮ বার হলেও মোট ৩৪ জন বোলার এ অনন্য গৌরবের অধিকারী। অস্ট্রেলিয়ার হিউজ ট্রাম্বল ও জিমি ম্যাথিউস এবং পাকিস্তানের ওয়াসিম আকরাম একাধিকবার হ্যাটট্রিক গৌরবের স্বাদ নিয়েছেন। বাংলাদেশের অলক কাপালিরও নাম রয়েছে এ তালিকায়। ২০০৩ সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এ বাংলাদেশি। তাঁর আগে অস্ট্রেলিয়ার হয়ে এই হ্যাট্রিক করার রেকর্ড আছে মাত্র আটজনের। ২০০০ সালে অস্ট্রেলিয়ার হয়ে শেষ হ্যাটট্রিকটার দেখা পেয়েছিলেন গ্লেন ম্যাকগ্রা। আর টেস্ট ক্রিকেটে শেষ হ্যাটট্রিকটা করেছিলেন ইংল্যান্ডের রায়ান সাইডবটম, ২০০৮ সালে। প্রায় এক বছর পর দলে জায়গা পেয়ে প্রথম থেকেই বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হন পিটার সিডল। ৪৭ রান করে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠতে থাকা পিটারসনকে নিজের প্রথম শিকারে পরিণত করেছিলেন তিনি। এক ওভার পরেই ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার জন্য আরেক হুমকি পল কলিংউডকে। পরের স্পেলের দ্বিতীয় ওভারেই চলে আসে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ওভারটি। তৃতীয় বলে ৬৭ রান করা অ্যালিস্টার কুককে চমত্কার একটি আউটসুইংয়ে বাধ্য করেন স্লিপে দাঁড়ানো ওয়াটসনের হাতে ক্যাচ দিতে। পরের বলে ম্যাট প্রিয়রকে বোল্ড করে ফেরত পাঠান সাজঘরে। হ্যাটট্রিক বলে স্টুয়ার্ট ব্রডকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ঢুকে যান রেকর্ড বুকের পাতায়। দুই ওভার পরে গ্রায়েম সোয়ানকে নিজের ষষ্ঠ শিকারে পরিণত করেন সিডল। হ্যাটট্রিকটা অ্যাশেজ সিরিজে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে করেছেন বলে ব্যাপারটা হয়তো আরও বেশি উপভোগ্য হয়ে উঠেছে সিডলের কাছে। অ্যাশেজে এই হ্যাটট্রিক করার রেকর্ড আছে এর আগে মাত্র সাতজন বোলারের।টেস্টে হ্যাটট্রিক করা বোলারদের তালিকা—১. ফ্রেড স্পফোর্থ (অস্ট্রেলিয়া, ১৮৭৯)২. বিলি বেটস (ইংল্যান্ড, ১৮৮৩)৩. জনি ব্রিগস (ইংল্যান্ড, ১৮৯২)৪. জর্জ লোম্যান (ইংল্যান্ড, ১৮৯৬)৫. জ্যাক হের্ন (ইংল্যান্ড, ১৮৯৯)৬. হিউজ ট্রাম্বল (অস্ট্রেলিয়া, ১৯০২)৭. হিউজ ট্রাম্বল (অস্ট্রেলিয়া, ১৯০৪)৮. জিমি ম্যাথিউ (অস্ট্রেলিয়া, ১৯১২)৯. জিমি ম্যাথিউ (অস্ট্রেলিয়া, ১৯১২)১০. মরিস অ্যালর্ন (ইংল্যান্ড, ১৯৩০)১১. টম গোডার্ট (ইংল্যান্ড, ১৯৩৮)১২. পিটার লোডার (ইংল্যান্ড, ১৯৫৭)১৩. লিন্ডসে ক্লিন (অস্ট্রেলিয়া, ১৯৫৮)১৪. ওয়েস হল (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৫৯)১৫. জিওফ্রে গ্রিফিন (দক্ষিণ আফ্রিকা, ১৯৬০)১৬. ল্যান্স গিবস (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৬১)১৭. পিটার পেথেরিক (নিউজিল্যান্ড, ১৯৭৬)১৮. কোর্টনি ওয়ালস (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৮৮)১৯. মার্ভ হিউগস (অস্ট্রেলিয়া, ১৯৮৮)২০. ড্যামিয়েন ফ্লেমিং (অস্ট্রেলিয়া, ১৯৯৪)২১. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া, ১৯৯৪)২২. ড্যামিয়েন কর্ক (ইংল্যান্ড, ১৯৯৫)২৩. ড্যারেন গফ (ইংল্যান্ড, ১৯৯৯)২৪. ওয়াসিম আকরাম (পাকিস্তান, ১৯৯৯)২৫. ওয়াসিম আকরাম (পাকিস্তান, ১৯৯৯)২৬. নুয়ান জয়সা (শ্রীলঙ্কা, ১৯৯৯)২৭. আবদুল রাজ্জাক (পাকিস্তান, ২০০০)২৮. গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া, ২০০০)২৯. হরভজন সিং (ভারত, ২০০১)৩০. মোহাম্মদ সামি (পাকিস্তান, ২০০২)৩১. জার্মেইন লউসন (ওয়েস্ট ইন্ডিজ, ২০০৩)৩২. অলক কাপালি (বাংলাদেশ, ২০০৩)৩৩. অ্যান্ডি বিগনাট (জিম্বাবুয়ে, ২০০৪)৩৪. ম্যাথু হগার্ড (ইংল্যান্ড, ২০০৪)৩৫. জেমস ফ্রাঙ্কলিন (নিউজিল্যান্ড, ২০০৪)৩৬. ইরফান পাঠান (ভারত, ২০০৬)৩৭. রায়ান সাইডবটম (ইংল্যান্ড, ২০০৮)৩৮. পিটার সিডল, (অস্ট্রেলিয়া, ২০১০)