হ্যাটট্রিক দিয়ে মেসির ব্যালন ডি’অর উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা মেসির কাছে নতুন কিছু না। টানা চার বছর ধরেই বর্ষসেরা তিন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন এই আর্জেন্টাইন জাদুকর। আর দুই দিন আগে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বল। কিন্তু এবারের এ পুরস্কারটা চমকে দিয়েছে অনেককেই। কারণ বিশ্বকাপের বছরে এবারই প্রথম এই পুরস্কারটা উঠল বিশ্বকাপ জয়ী দলের বাইরের কোনো খেলোয়াড়ের হাতে। অনেকেই বিশেষত স্পেন সমর্থকদের ব্যাপারটা হজম করতে যেন একটু কষ্টই হচ্ছিল। কিন্তু পুরস্কারটা যে তার হাতেই বেশি মানায়, এটা প্রমাণ করতেই যেন গতকাল হ্যাটট্রিক করে বসলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তাঁর হ্যাটট্রিকে গতকাল কিংস কাপে রিয়াল বেটিসের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। অন্য দুটি গোল করেছেন পেদ্রো ও সেইডু কেইটা।দ্বিতীয় বিভাগের দল রিয়াল বেটিসের বিপক্ষে প্রথম গোলটা পেতে বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের ৪৪ মিনিট পর্যন্ত। মেসির প্রথম গোলটার সুবাদে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কাতালানরা। দ্বিতীয়ার্ধে ৬২ ও ৭৩ মিনিটে পরপর দুইটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এরপর ৭৬ ও ৮৩ মিনিটে বেটিসের জালে আরও দুবার বল জড়িয়ে দেন পেদ্রো ও কেইটা।মেসির এই হ্যাটট্রিক এবারের বর্ষসেরা পুরস্কারটা নিয়ে সব ধরনের বিতর্ক, সমালোচনাকেই উড়িয়ে দিতে পারবে বলে মনে করছেন মেসির বার্সা সতীর্থ ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। গতকাল এই ৫-০ গোলের জয়ের পর তিনি বলেছেন, ‘আজকের এই ম্যাচটা ব্যালন ডি’অর নিয়ে সব বিতর্কের অবসান ঘটাবে বলেই মনে হচ্ছে। এটা যোগ্য হাতেই উঠেছে। মেসিই সেরা। আর সে এটা প্রতিদিনই বুঝিয়ে দিচ্ছে। এটা ঠিক যে অন্য দুজনেরও (জাভি, ইনিয়েস্তা) পুরস্কারটা প্রাপ্য ছিল। কিন্তু মেসি অন্য সবার চেয়ে অনেক এগিয়ে আছে।’ রয়টার্স।