চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিকের অনেক রেকর্ড আছে। পিটার পালোটাসের হ্যাটট্রিক দিয়ে যার শুরু। ইউরোপিয়ান কাপে ১৯৫৫ সালে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন পালোটাস। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন ওয়েইন রুনি। চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই হ্যাটট্রিক আছে ৬ খেলোয়াড়ের—মার্কো ফন বাস্তেন, ফস্তিনো আসপিরিল্লা, এইগবেনি ইয়াকুবু, ওয়েইন রুনি, ভিসেঞ্জো ইয়াকুয়িন্তা আর গ্রাফিতের। দ্রুততম হ্যাটট্রিক করেছেন রয় ম্যাকে (৯ মিনিটে)। পরশু বায়ার্ন মিউনিখের ক্রোট স্ট্রাইকার ইভিচা ওলিচ চ্যাম্পিয়নস লিগকে উপহার দিয়েছেন টুর্নামেন্টের সেমিফাইনাল ইতিহাসে দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে একমাত্র হ্যাটট্রিকটি ছিল ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরোর। জুভেন্টাসের হয়ে ১৯৯৮ সালে সেটি করেছিলেন আয়াক্সের বিপক্ষে। এঁদের দুজনেরই চ্যাম্পিয়নস লিগে একটি করে হ্যাটট্রিক। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ তিনটি করে হ্যাটট্রিক আছে মাত্র দুজনের, ইংল্যান্ডের মাইকেল ওয়েন ও ইতালির ফিলিপ্পো ইনজাগির।